বৃষ্টিবিঘ্নিত দিনে পাকিস্তানের পেস আগুনে পুড়ল ইংল্যান্ড

বৃষ্টিবিঘ্নিত দিনে পাকিস্তানের পেস আগুনে পুড়ল ইংল্যান্ড

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, আপডেট ১০:২০

লর্ডস টেস্টের প্রথম দিনেই মাত্র ৫৬ ওভার খেলেছে ইংল্যান্ড-পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত দিনে আগেভাগেই দিন শেষ না হলে হয়তো ইংলিশদের পর ব্যাটিংয়ে দেখা যেত সফরকারীদের। পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলির পেস আগুনে পুড়েছে জো রুটের দল। দিন শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ২৪৮ রান।

চাপের মুখে হাফসেঞ্চুরি করে ইংলিশদের আরও বড় বিপর্যয় থেকে বাঁচিয়েছেন জর্ডান কক্স ও জেমি স্মিথ। তিন নম্বরে নামা কক্স ১০৫ বলে ৭টি চারে ৫৫ এবং সাতে নামা স্মিথ ৮০ বলে ১০ চারে ৬১ রানের ইনিংস সাজিয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের হয়ে আব্বাস ৪, আলি ৩ এবং খুররম শেহজাদ একটি উইকেট শিকার করেছেন।

ম্যাচের শুরুতেও ছিল বৃষ্টির বাধা। ফলে লর্ডসে বল গড়ায় নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে। চোট কাটিয়ে ফেরা পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে জায়গা দিতে বাদ পড়েছেন আগের ম্যাচে নেতৃত্ব দেওয়া সালমান আলি আগা। পরে বদলি ফিল্ডার হিসেবে নেমে স্লিপে ঝাঁপিয়ে পড়ে তিনি দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছেন। অবশ্য পাকিস্তানি ফিল্ডাররা আরও ৩টি ক্যাচ না ছাড়লে ইংলিশদের আরও কঠিন চ্যালেঞ্জ পার হতে হতো।

টস হেরে ব্যাট করতে নামা রুটের দল ২১ ও ২৬ রানে দুই ওপেনার এমিলিও গে (৮) ও বেন ডাকেটকে (১৭) হারায়। দুজনকেই ফিরিয়েছেন আব্বাস। মাঝে এক ওভার বিরতি দিয়ে রুটকেও (৪) বিদায় করেন তিনি। গে–কে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে এবং বাকি দুজনকে আব্বাস লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন। হ্যারি ব্রুকও টিকতে পারেননি বেশিক্ষণ, লাঞ্চ বিরতির আগে তাকে ১৫ রানে বোল্ড করে দেন আলি।

বিরতির পর ড্যান লরেন্স বিদায় নেন রানআউটে। তখন অল্পে গুটিয়ে যাওয়ার চোখ রাঙানি ইংল্যান্ডের সামনে। কক্স ও স্মিথ প্রতিরোধ গড়েন। কক্স ৮৮ বলে এবং স্মিথ ফিফটি পূর্ণ করেন ৬৩ বলে। তবে বদলি ফিল্ডার সালমানের দারুণ ক্যাচে কক্সকে ফিরিয়ে ৬৭ রানের ষষ্ঠ উইকেট জুটি ভাঙেন খুররাম শাহজাদ। আলি একই ওভারে বোল্ড করে দেন স্মিথ ও ওলি রবিনসনকে। আর্চারকে ফিরিয়ে চতুর্থ উইকেটের দেখা পান আব্বাস।

আলোকসল্পতায় আগেভাগেই শেষ হয়ে যায় দিনের খেলা। ওই সময় ২৭ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন গাস অ্যাটকিনসন। জশ টাং ১ রান করে ক্রিজে আছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading