মেসিদের নতুন প্রধান কোচ কিলি গঞ্জালেজ

মেসিদের নতুন প্রধান কোচ কিলি গঞ্জালেজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, আপডেট ১২:১৭

মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি তাদের নতুন প্রধান কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক তারকা ক্রিস্টিয়ান আলবার্তো “কিলি” গঞ্জালেজকে নিয়োগ দিয়েছে। লিওনেল মেসির জন্মশহর রোসারিওর ৫২ বছর বয়সী এই কোচ অন্তর্বর্তীকালীন কোচ গিয়ের্মো হোয়োসের স্থলাভিষিক্ত হবেন।

ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, “ক্রিস্টিয়ান আলবার্তো ‘কিলি’ গঞ্জালেজের সাথে ফার্স্ট টিমের প্রধান কোচ হিসেবে চুক্তির বিষয়ে ক্লাব সমঝোতায় পৌঁছেছে।” তবে নতুন কোচের যুক্তরাষ্ট্রের ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত হোয়োস দায়িত্ব সামলে যাবেন।

আর্জেন্টিনার হয়ে ৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কিলি গঞ্জালেজ খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলান, ভ্যালেন্সিয়া ও জারাগোজার মতো শীর্ষস্থানীয় ইউরোপীয় ক্লাবে খেলেছেন। ২০২০ সালে কোচিং পেশায় পা রাখার পর থেকে এমএলএসে আসার আগে আর্জেন্টিনার তিনটি শীর্ষ ক্লাবের দায়িত্ব সামলেছেন তিনি।

বিশ্বকাপ বিরতির পর থেকে টানা খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ব্রাজিলের কাসেমিরোকে দলে ভিড়িয়ে স্কোয়াড শক্তিশালী করা সত্ত্বেও শেষ ৫টি ম্যাচের ৪টিতেই হেরেছে দলটি। ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা।

উল্লেখ্য, গত এপ্রিলে জাভিয়ার মাসচেরানো ব্যক্তিগত কারণে ক্লাবের দায়িত্ব ছাড়ার পর ইন্টার মায়ামির স্পোর্টিং ডিরেক্টর এবং মেসির দীর্ঘদিনের পরিচিত গিয়ের্মো হোয়োস অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দলের হাল ধরায় হোয়োসকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading