ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর হামলার অভিযোগ

ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর হামলার অভিযোগ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৯:২৫

পটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা নজরুল খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল (৪৮)। তবে অভিযোগ অস্বীকার করে নজরুল খান দাবি করেছেন, তিনি কাউকে হামলা করেননি; বরং পরিস্থিতি প্রতিরোধ করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের কার্যক্রম শুরু হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ।

নির্বাচন চলাকালে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। পরে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় প্রিজাইডিং কর্মকর্তা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানান স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল। এ সময় বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে বিএনপি নেতা নজরুল খানের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নজরুল খান ও তাঁর সহযোগীরা সোহেলের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তিনি। এতে সোহেল আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এদিকে, নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কয়েকজন। তাদের দাবি, ম্যানেজিং কমিটির সভায় সভাপতি নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন না। নিয়ম অনুযায়ী কমপক্ষে ছয়জন সদস্যের উপস্থিতিতে কোরাম পূর্ণ হওয়ার কথা থাকলেও ওই সভায় পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। কোরাম পূর্ণ না হওয়া সত্ত্বেও সভাপতি নির্বাচন সম্পন্ন করা হয়েছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, সভাপতি পদে শাজাহান খান একমাত্র প্রার্থী ছিলেন এবং তাঁর নাম প্রস্তাব ও সমর্থন করা হয়েছিল। দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, ম্যানেজিং কমিটির অনুমোদনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। নিয়ম অনুযায়ী ছয়জন সদস্যের উপস্থিতির প্রয়োজন থাকলেও প্রধান শিক্ষক বারবার নোটিশ দিয়ে সদস্যদের আমন্ত্রণ জানানোর পরও অনেকে উপস্থিত হননি। এ অবস্থায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর বিষয়ে নির্দেশনা রয়েছে বলে তিনি জানান।

হামলার অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতা নজরুল খান বলেন, ম্যানেজিং কমিটির সভা উপলক্ষে তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি কোনো হামলা করেননি দাবি করে বলেন, তিনি পরিস্থিতি প্রতিরোধ করেছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পুলিশকে আগে থেকে জানানো হয়নি। ডিএসবি সদস্যদেরও বিষয়টি অবহিত করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন এবং হামলার অভিযোগ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।

ইউডি/রেজা/রুবেল

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading