বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআরের কঠোর নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআরের কঠোর নির্দেশনা

উত্তরদক্ষিণ। বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ০৮:০০

বৈশ্বিক সংকট মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে রাজস্ব বোর্ডের অধীনস্থ সব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনবিআরের বোর্ড প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশে এনবিআরের আওতাধীন সব কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরসহ সকল সংস্থাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি নির্দেশনাসংবলিত নির্দেশনা জারি করা হয়েছিল। সেই পরিপত্রের আলোকেই এনবিআর নিজস্ব দাপ্তরিক আদেশে অনুসরণের জন্য একাধিক সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—
দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি পরিহার করতে হবে। পর্দা বা ব্লাইন্ড সরিয়ে সূর্যের আলো ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে।

অফিস চলাকালীন ব্যবহৃত বাতির অন্তত অর্ধেক বন্ধ রাখতে হবে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা বাধ্যতামূলকভাবে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।

কক্ষ ত্যাগ করার সময় কিংবা অফিস সময় শেষ হওয়া মাত্রই লাইট, ফ্যান, এসি, কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার বন্ধ নিশ্চিত করতে হবে।

করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো যাবে না। যেকোনো ধরনের আলোকসজ্জা পুরোপুরি পরিহার করতে হবে।

সরকারি যানবাহনের ব্যবহার সীমিত করতে হবে এবং জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে কঠোর সাশ্রয়ী নীতি মেনে চলতে হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading