নেপালের সেই বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১১:০০
৯ দিন ধরে অন্ধকার টানেলে আটকে থাকার পর অবশেষে নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে দুই শ্রমিককে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির ত্রিশূল ৩এ টানেলে পরিচালিত এক সাহসিক উদ্ধার অভিযানে তাদের বের করে আনেন সেনাসদস্য ও উদ্ধারকর্মীরা।
প্রথম শ্রমিককে উদ্ধারের খবরটি নিশ্চিত করেন নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম বাসনেত। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় শ্রমিককে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন নেপালের সংসদ সদস্য শ্রী রাম নিউপানে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত দৃশ্যে দেখা যায়, কাদা ও পলি মাটিতে মাখামাখি হয়ে থাকা উদ্ধার হওয়া শ্রমিককে এক উদ্ধারকর্মী কাঁধে করে বের করে আনছেন। উদ্ধারের পরপরই দুর্ঘটনাস্থলে উপস্থিত একটি মেডিকেল টিম তাদের প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।
গত ২৬ আগস্ট হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্লাবিত হয় নেপালের একাধিক শহর ও উপত্যকা। এই প্রলয়ংকারী প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২৫৯ জন প্রাণ হারিয়েছেন এবং ৫ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। চীন সীমান্তের তিব্বত অংশেও ২১ জন নিহত এবং ৫৪১ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, দেশের ১২টি জলবিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে প্রায় ৯০০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এর মধ্যে আনুমানিক ৫০০ জন শ্রমিক বিভিন্ন প্রকল্পের টানেলের ভেতর আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
৯ দিন পর এই দুই জীবিত শ্রমিকের জীবিত ফিরে আসা অলৌকিক ঘটনার কম নয়, যা টানেলে আটকে থাকা বাকি নিখোঁজদের স্বজনদের মনেও নতুন আশা জোগাচ্ছে। বর্তমানে বাকিদের উদ্ধারে সেনাবাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে।
ইউডি/কেএস

