যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে বৈঠক ট্রাম্পের দুই দূতের
উত্তরদক্ষিণ। রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১১:১০
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুজনার।
তাদের মধ্যে দীর্ঘ ৩ ঘণ্টা আলাপ হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। তাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুতিন উইটকোফকে বলছেন, ‘বর্তমান পরিস্থিতি খুব সহজ নয়।’
অপরদিকে উইটকোফ ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনদিন হামলা বন্ধের নির্দেশ দেওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) তারা ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। এ দুজন প্রথমবারের মতো সরাসরি আলোচনা করতে ইউক্রেনে যাচ্ছেন।
গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উইটকোফ এবং ক্রুজনার যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যাচ্ছেন।
এরআগেও যুক্তরাষ্ট্র যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের চেষ্টা চালিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেসব চেষ্টা ব্যর্থ হয়েছে।
অবশ্য পুতিন বলেছেন, এবার যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে। এতে তাদের বিশ্বাস আছে। তিনি বলেন, “যাই হোক, এ ধরনের যোগাযোগ সবসময় উপকারী হয়।“ এছাড়া শান্তি প্রতিষ্ঠার চেষ্টার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।
ট্রাম্পের দূতদের সঙ্গে পুতিনের কী আলোচনা হয়েছে সেটি এখনো পুরোপুরি জানা যায়নি। তবে পুতিনের উপদেষ্টা ইউরি উষাকোভ সর্বশেষ বৈঠককে ‘গঠনমূলক ও অত্যন্ত স্পষ্ট’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, শুধু যুদ্ধ বন্ধ নয়, তাদের মধ্যে অর্থনৈতিক ও যুক্তরাষ্ট্র-রাশিয়া ভবিষ্যত সম্পর্ক নিয়েও কথা হয়েছে।
সূত্র: বিবিসি
ইউডি/কেএস

