নাগরিক অংশগ্রহণই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার: ডিএসসিসি প্রশাসক
উত্তরদক্ষিণ। শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১১:৫২
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু কোনো একক সংস্থার সমস্যা নয়, এটি একটি যৌথ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। কেবল ওষুধ স্প্রে করে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়; প্রয়োজন উৎসেই এডিসের প্রজননস্থল ধ্বংস করা এবং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আজ থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগের মধ্যে সমন্বয় তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ঢাকা কেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭ হাজার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাড়ে ৫ হাজার পরিচ্ছন্নতা ও মশককর্মীর পাশাপাশি বিএনসিসি, রেড ক্রিসেন্ট, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড, বিডি ক্লিন, বিদ্যানন্দ ফাউন্ডেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রায় ২৫ হাজার সদস্যের এই বড় কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। এ উপস্থিতি প্রমাণ করে, ডেঙ্গুর বিরুদ্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ।
তিনি আশা প্রকাশ করেন, তিন মাসের এই অভিযানের মাধ্যমে দেশের প্রতিটি ওয়ার্ডকে এডিসমুক্ত করার পাশাপাশি মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে সচেতনতা তৈরি হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা, সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও অনলাইনে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
ইউডি/কেএস

