কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
উত্তরদক্ষিণ। রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১১:০০
চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কলেজ বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কর্ণফুলী থানার ওসি নুর আহমেদ বলেন, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
তিনি বলেন, সংঘর্ষে দুই জন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথে আরো একজন মারা যান। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ইউডি/কেএস

