‘এমবাপের চেয়ে আমিই যোগ্য’—ব্যালন ডি’অর নিয়ে লামিন ইয়ামাল

‘এমবাপের চেয়ে আমিই যোগ্য’—ব্যালন ডি’অর নিয়ে লামিন ইয়ামাল

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৩:৩৫

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের কথায় এখন কোনো দ্বিধা নেই। বিশ্ব ফুটবলের শীর্ষে তিনি নিজেকে এবং কিলিয়ান এমবাপেকেই দেখেন। তবে ব্যালন ডি’অর নিয়ে আলোচনা উঠলেই রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডকে পেছনে ফেলে নিজের নামই এগিয়ে রাখছেন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার।

মুভিস্টার প্লাসের ‘ইউনিভার্সো ভালদানো’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, ব্যালন ডি’অর কার প্রাপ্য। ইয়ামাল সরল জবাব দেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে।’ আরও স্পষ্ট করে জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমার মনে হয় বিশ্বের সেরা আমরা দুজন। কিন্তু এ বছর আমি যা জিতেছি, তার জন্য ব্যালন ডি’অর আমারই প্রাপ্য। আমার কাছে আমি আর এমবাপেই বিশ্বের সেরা দুই খেলোয়াড়।’

নিজের এই মূল্যায়ন নিয়েও কোনো সংশয় নেই তার। প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার বলেন, ‘হ্যাঁ। যারা ম্যাচ দেখে, সবাই সেটা জানে।’

গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা জয়ের পাশাপাশি স্পেনের বিশ্বকাপজয়ী দলেরও অংশ ছিলেন ইয়ামাল। ক্লাবের হয়ে তার হিসাব ছিল ২৪ গোল ও ১৮ সহায়তা। অন্যদিকে এমবাপে রিয়াল মাদ্রিদে ব্যক্তিগতভাবে চমকপ্রদ মৌসুম কাটিয়েছেন এবং বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। ফলে এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে দুজনই শীর্ষ আলোচনায় রয়েছেন।

কয়েকদিন আগেই ইয়ামাল বলেছিলেন, পুরস্কারের জন্য কোনো প্রচারণা বা অনুনয় করবেন না। মাঠে বার্সেলোনা ও স্পেনের হয়ে যা করেছেন, সেটাই তার পক্ষে কথা বলবে। এবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় দুজনই আছেন। আগামী ২৬ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading