বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে রাবির ১৬ উদ্ভাবন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে রাবির ১৬ উদ্ভাবন

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৪:৫০

ছয়টি গবেষণাগারের ১৬টি উদ্ভাবন নিয়ে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ অংশ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

ঢাকার আগারগাঁওয়ের নভোথিয়েটারে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন ক্ষেত্রে রাবির গবেষণালব্ধ উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।

ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। তিনি মেলায় অংশগ্রহণকারী রাবির গবেষক ও উদ্ভাবক দলগুলোর নেতৃত্ব দেন।

ফেয়ারে অংশ নেওয়া রাবির গবেষণাগারগুলো হলো—ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ ও অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলমের মলিকুলার ফার্মাকোলজি গবেষণাগার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. আবু রেজার এমবিপিএসএল আই-হাব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মামুনুর রশিদ তালুকদারের প্লাজমা ইঞ্জিনিয়ারিং গবেষণাগার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হাসনাত কবীরের থ্রিডি প্রিন্টিং গবেষণাগার, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেনের প্ল্যান্ট মলিকুলার বায়োটেকনোলজি গবেষণাগার এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমের ফার্মাসিউটিক্যাল অ্যান্ড প্রোটিন কেমিস্ট্রি গবেষণাগার।

এসব গবেষণাগারে স্বাস্থ্য, জীবপ্রযুক্তি, প্লাজমা প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, উদ্ভিদ জৈবপ্রযুক্তি ও ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন ক্ষেত্রে পরিচালিত গবেষণার উদ্ভাবনী ফলাফল মেলায় প্রদর্শন করা হচ্ছে।

রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলায় রাবির স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় তারা রাবির গবেষক ও উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন এবং প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।

তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্ভাবকরা নিজেদের গবেষণা ও উদ্ভাবন প্রদর্শন করছেন। এতে নতুন প্রযুক্তি ও গবেষণাভিত্তিক উদ্ভাবন সাধারণ মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি গবেষক, উদ্ভাবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।

ফেয়ারে অংশ নেওয়া রাবির ছাত্র উপদেষ্টা ও ফার্মেসি বিভাগের মলিকুলার ফার্মাকোলজি গবেষণাগারের অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম বলেন, “আধুনিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও উচ্চমূল্যের বিষয়টি বিবেচনা করে আমরা দৈনন্দিন খাদ্য উপাদানের মধ্যে রোগ প্রতিরোধে সম্ভাবনাময় উপাদান খুঁজে বের করার উদ্যোগ নিই। প্রথম পর্যায়ে দেশের বাজার থেকে ৬৮টি শাকসবজি, ফলমূল ও মসলাজাতীয় খাদ্য উপাদান সংগ্রহ করে সেগুলোর নির্যাস তৈরি করা হয়। পরে ক্যানসার সেল লাইনের ওপর পরীক্ষা চালিয়ে পালং শাক, লেবুর খোসা, ধনিয়ার পাতা ও টমেটো—এই চারটি উপাদান নিয়ে আরও গবেষণা করা হয়। এসব নির্যাস ক্যানসার কোষের বৃদ্ধি ও বিস্তার রোধ এবং অ্যাপোপটোসিস বা কোষমৃত্যু প্রক্রিয়ায় সম্ভাব্য কার্যকারিতা যাচাই করা হয়েছে। পরবর্তী পর্যায়ে মাউস মডেলেও সম্মিলিত নির্যাসের কার্যকারিতা পরীক্ষা করা হয়।”

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও রাবি গবেষণা টিমের আহ্বায়ক অধ্যাপক মামুনুর রশীদ বলেন, “বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারটি স্টলে ছয়টি গবেষণাগারের উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমি এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ই-মেইলের মাধ্যমে গবেষণালব্ধ ও বাজারজাতকরণের সম্ভাবনাময় উদ্ভাবন সম্পর্কে তথ্য আহ্বান করা হয়।”

তিনি আরো বলেন, “সেখান থেকে যাচাই-বাছাই করে কয়েকটি গবেষণাগারের উদ্ভাবন নির্বাচন করা হয়েছে। এসব উদ্ভাবনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষকদের সৃজনশীল চিন্তা এবং বাজারমুখী গবেষণার সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ে আরো অনেক উদ্ভাবনী গবেষণা চলমান রয়েছে।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading