নতুন রূপে কোয়েল, এবার ধারাবাহিকে!
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৮:৪৫
বড় পর্দায় দর্শকদের মন জয় করার পর এবার ছোট পর্দায় নতুন রূপে হাজির হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সিনেমার ব্যস্ততার মাঝেই তাঁর ধারাবাহিকে অভিনয়ের খবর সামনে আসতেই উচ্ছ্বসিত ভক্তরা।
সম্প্রতি শুরু হয়েছে কোয়েল অভিনীত নতুন সিনেমা ‘স্পর্ধা’-র শুটিং। এই সিনেমাতেও তাঁর সঙ্গে অভিনয় করছেন বাবা ও বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। ‘স্বার্থপর’ সিনেমার সাফল্যের পর পরিচালক অন্নপূর্ণার এটি দ্বিতীয় সিনেমা।
এরই মধ্যে জানা গেছে, বাংলা টেলিভিশনে কোরিয়ান একটি অনুষ্ঠানের আদলে তৈরি হতে যাওয়া নতুন ধারাবাহিকে অভিনয় করবেন কোয়েল। যদিও ধারাবাহিকটির নাম ও তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ্যে আসেনি।

এর আগে স্টার জলসার ‘কথা ও কাহিনী’ টকশো সঞ্চালনা করেছিলেন কোয়েল। তবে ধারাবাহিকে অভিনয়ের ক্ষেত্রে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম কাজ।
দ্বিতীয়বার মা হওয়ার পর বেশ কয়েক বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী। ২০২৫ সালে ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে ফেরেন অভিনয়ে। এরপর জনপ্রিয় মিতিন মাসি চরিত্রেও দেখা গেছে তাঁকে।
এবার সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কোয়েল। বড় পর্দার এই জনপ্রিয় তারকাকে ধারাবাহিকের নতুন চরিত্রে কেমন লাগে, সেটিই এখন দেখার অপেক্ষা।
ইউডি/রেজা

