দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে

দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ০৮:২০

দক্ষিণ ইন্ডিয়া সিনেমার দুই তারকা সুরিয়া ও জ্যোতিকা। ব্যক্তিগত জীবনে তারা স্বামী-স্ত্রী। দীর্ঘ দুই দশক ধরে তারা সংসার করছেন। সম্পর্কটা তারও আগে থেকে। এই অনিন্দ্য পথচলা উদযাপন করতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা।

দাম্পত্যের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনরায় বিয়ের শপথ পাঠ করেছেন তারা। সম্প্রতি নিজেদের সন্তান, পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাজকীয় আয়োজনে চার্চের ফাদারের কাছে বিয়ের শপথ নেন দুজনে।

পুরো আয়োজনের একটি ভিডিও বানানো হয়েছে। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারকাদ্বয়। তারা এই আয়োজনের নাম দিয়েছেন ‘দ্য সিক্যুয়েল’।

জ্যোতিকা তার পোস্টে লিখেছেন, ‘আমাদের ভালোবাসা ও যুদ্ধের ২০ বছর উপলক্ষে বিয়ের শপথ হালনাগাদ করে নিলাম। না, এটা কোনো পারফেক্ট বিয়ের উদযাপন নয়। অনেক অসঙ্গতি, অনেকটা মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ, নিঃস্বার্থভাবে একে-অপরকে ভালোবাসার উদযাপন এটা।’

জ্যোতিকা জানান, এই সম্পর্কের বিষয়টি তার কাছে কল্পনার মতোই ছিল। অথচ সেই কল্পনার রাজ্যেই তিনি বসবাস করছেন, থাকবেন বাকিটা জীবনও।

সুরিয়া ও জ্যোতিকার এই অপূর্ব সম্পর্ক ও দাম্পত্যের উদযাপন দেখে মুগ্ধ নেট দুনিয়া, মুগ্ধ তারকারাও। আর মাধবন থেকে শুরু করে কাজল আগারওয়াল, রাশি খান্না, জেনেলিয়া দেশমুখ, সোনাক্ষী সিনহাসহ অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

মাত্র ১৯ ঘণ্টায় তাদের ‘পুনর্বিবাহ’-এর ভিডিওর ভিউ ছাড়িয়েছে ৬ কোটি ১০ লাখ! ৪৫ লাখের বেশি মানুষ ভিডিওটিতে প্রতিক্রিয়া দিয়েছেন। বলা বাহুল্য, সুরিয়া-জ্যোতিকার সম্পর্কের উদযাপন অন্যদের কাছে আনন্দ ও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রথম দেখা হয়েছিল সুরিয়া ও জ্যোতিকার। বসন্ত পরিচালিত ‘পুভেল্লাম কেট্টুপ্পা’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর আরও কাজ করতে করতে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, সেটাই পরে রূপ নেয় প্রেমে। জানা যায়, ২০০৩ সালের ‘কাখা কাখা’ সিনেমায় অভিনয়ের সময়ই তারা প্রেমে জড়ান।

২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর বিয়ে করেন সুরিয়া ও জ্যোতিকা। মজার ব্যাপার হলো, এর মাত্র তিন দিন আগে ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল তাদের অভিনীত ‘সিল্লুনু ওরু কাধাল’ সিনেমাটি; যেখানে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন।

দীর্ঘ সংসার জীবনে তাদের রয়েছে দুই সন্তান দিয়া ও দেব। তারাও এখন বড় হয়ে গেছেন। অভিনয় ছাড়াও এখন স্বামী-স্ত্রী যৌথভাবে সিনেমা প্রযোজনা করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading