নাটোরে শিশুদের টয়-ব্রিক খেলার কার্যক্রম শুরু

নাটোরে শিশুদের টয়-ব্রিক খেলার কার্যক্রম শুরু

শিশুদের লাইব্রেরীমুখী করে পাঠাভ্যাস গড়ে তুলতে নাটোর সরকারী পাবলিক লাইব্রেরীতে টয়-ব্রিক খেলার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পাঠ্যবই পড়াশুনার মধ্যে শিশুদের আবদ্ধ না করে মানসিক উৎকর্ষতা সাধনের কার্যক্রমে নিয়োজিত করে সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। তবেই তারা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। এ লক্ষ্যে শিশুতোষ বই পড়া, খেলাধূলা করা, সাহিত্য-সাংস্কৃতিক চর্চা করতে হবে। লাইব্রেরীতে টয়-ব্রিক খেলতে খেলতে শিশুরা বইমুখী হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ মিজানুর রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্র নাটোরের সংগঠক অধ্যাপক সুবীধ কুমার মৈত্র প্রমুখ। লাইব্রেরীর জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ নাজবীর হাসান অনুষ্ঠান পরিচালনা করেন।
নাটোর সরকারী পাবলিক লাইব্রেরীর লাইব্রেরিয়ান মোঃ নাজবীর হাসান জানান, লাইব্রেরীতে চার হাজার শিশুতোষ বই আছে। আজ থেকে চালু হওয়া টয়-ব্রিক খেলনা দিয়ে তারা বিভিন্ন কাঠামো তৈরীর খেলা করবে এবং বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। একসাথে প্রায় ৪০ জন শিশু খেলার উপকরণ পাবে। বর্তমানে ৪০ জন শিশু লাইব্রেরীর স্থায়ী সদস্য।
উল্লেখ্য, ব্রিটিশ কাউন্সিল সারাদেশের সরকারী পাবলিক লাইব্রেরীতে ব্রিক প্লে উপকরণ প্রদান করেছে। লাইব্রেরীগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের এ সংক্রান্ত দুইদিনের প্রশিক্ষণও ইতোপূর্বে প্রদান করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading