আত্মপক্ষ সমর্থনে ১৪ দলের সঙ্গে বসতে চান মেনন: কাদের
একাদশ সংসদ নির্বাচন নিয়ে বক্তব্যের জন্য সমালোচনার মুখে পড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আত্মপক্ষ সমর্থনে ১৪ দলের নেতাদের সঙ্গে বসতে চেয়েছেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।
RELATED STORIES
বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন, সকালেই মেননের সঙ্গে কথা হয়েছে তার।

রাশেদ খান মেনন (ফাইল ছবি)“তিনি ১৪ দলের সঙ্গে বসতে চেয়েছেন তার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে। এ বিষয়ে রাশেদ খান মেনন গতকালকে ফোন করেছিলেন ও মেসেজ দিয়েছিলেন। তখন আমি ব্যস্ত ছিলাম রাত হওয়ায়, আজ সকালে তাকে ফোন দেওয়া হয়।”
আওয়ামী লীগের নৌকা প্রতীকে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিন দফায় সাংসদ নির্বাচিত হওয়া মেনন গত শনিবার নিজের জেলা বরিশালে দলীয় এক সভায় বলেছিলেন, গত ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি মানুষ।
মেনন বলেন, “আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।”
বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মেননের একথা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তিনি এবারও মন্ত্রী হলে একথা বলতেন কি না, সে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
এই প্রেক্ষাপটে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে মেনন বলেছিলেন, তার বক্তব্য খণ্ডিতভাবে গণমাধ্যমে আসায় সবার কাছে ভুল বার্তা গেছে।
সকালে ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপেও মেনন একই ব্যাখ্যা দিয়েছেন এবং জোটসঙ্গী দলের নেতার ওই ব্যাখ্যাতেই বিশ্বাস রাখতে চাইছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের।
যেভাবে খবর প্রকাশিত হয়েছে রাশেদ খান মেনন সেভাবে বক্তব্য দেননি দাবি করে তিনি বলেন, “তার সঙ্গে আমার আজ সকালে কথা হয়েছে। তিনি বলেছেন, ১৪ দলের সাথে মিশতে চান। তিনি যে বক্তব্য দিয়েছেন তা আংশিকভাবে প্রকাশ পেয়েছে। সম্পূর্ণ বক্তব্য ছাপা হলে এ বিভ্রান্ত ছড়াত না বলে তার বিশ্বাস, সেটাই তিনি বলেছেন। তার বক্তব্যে তিনি বলেছেন যে, এবারের নির্বাচন ২০০৮ সালের মতো উৎসবমুখর নির্বাচন হয়নি।”
এখন ১৪ দলকে মেনন কী ব্যাখ্যা দেবেন, তা শোনার অপেক্ষায় আছেন বলে জানান ওবায়দুল কাদের।
সম্প্রতি ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের বাসায় জোট নেতাদের বৈঠকে মেননকে আসতে বারণ করা হয়েছিল কি না, সে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।
জবাবে ওবায়দুল কাদের বলেন, “রাশেদ খান মেনন যখন মিটিংয়ে আসেনি অবশ্যই এর কোনো একটা কারণ রয়েছে। তিনি অসুস্থ কি না তা জানি না, হতেও পারে আমি সঠিক তা জানি না।
“তার বক্তব্য নিয়ে একটা বিভ্রান্তি আছে। সে কারণে সমন্বয়ক হয়ত আপাতত তাকে সভা থেকে বিরত থাকার বিষয়ে বলে থাকতে পারেন।”

