বিমান প্রতিমন্ত্রীর ঘোষণা: সিলেট-লন্ডন ফ্লাইট চালু আগামী বছর
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৭ অক্টোবর ২০১৯ ০০:০০
বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, আগামী বছরের এপ্রিল মাস থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে। তিনি জানান, ‘এখনকার মতো ঢাকায় বিরতি থাকবে না। এর জন্য এই বিমানবন্দরটিকে আরও আধুনিক করা হবে। ঢাকা-সিলেট মহাসড়কে বিদেশি পর্যটকদের সুবিধার জন্য মন্ত্রণালয় থেকে শিগগিরই স্পেশাল বাস চালু করা হবে।’ তিনি গতকাল শনিবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী বিথঙ্গল আখড়ায় ভক্ত নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যটন শিল্পের বিকাশের জন্য দেশের সকল পর্যটন কেন্দ্রগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একটি স্কিম গ্রহণ করা হয়েছে। পর্যটন কেন্দ্র উন্নয়নে প্রধানমন্ত্রী ৩০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। তিনি বলেন, বিথঙ্গল আখড়ার আধুনিকায়নে সরকারের সহযোগিতা থাকবে।

