‘গুরুতর অসুস্থ’ নওয়াজকে চিকিত্সার জন্য জামিন
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৭ অক্টোবর ২০১৯ ০০:০০
চিকিত্সার জন্য জামিন পেয়েছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় তার জামিন মঞ্জুর করে লাহোর হাইকোর্ট। তবে অন্য একটি মামলায় এখনও গ্রেফতার রয়েছেন তিনি। ওই মামলায় মঙ্গলবার জামিনের ব্যাপারে আদেশ দেবেন আদালত। ২০১৬ সালে লন্ডনে ওপেন হার্ট সার্জারি করা নওয়াজ ইমিউন ডিজ-অর্ডারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিত্সকরা। তার রক্তে প্লাটিলেট কাউন্ট আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। ৬৯ বছরের প্রবীণ এই রাজনীতিককে গত সোমবার কারাবন্দি অবস্থাতেই লাহোরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে জামিনের আবেদন করেন তার ভাই তথা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ-এর প্রধান শাহবাজ শরিফ। শুক্রবার সেই আবেদন মঞ্জুর করেন লাহোর হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ। নওয়াজের আইনজীবী আম নাজির তারার রয়টার্সকে বলেন, তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। ফলে উন্নত চিকিত্সার প্রয়োজন। এজন্য আমরা জামিনের আবেদন করেছি।

