ঢাকার মঞ্চে আবারও ‘স্তালিন’
উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ অক্টোবর ২০১৯ । ১২ঃ৪১
আগামী ১৩ ও ১৪ নভেম্বর বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চ নাটক ‘স্তালিন’-এর প্রদর্শনী হবে। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জোসেফ স্তালিনকে নিয়ে ‘স্তালিন’ নামের নাটক নিয়ে। নির্দেশক কামালউদ্দিন নীলু মঞ্চে ডার্ক-হিউমার যোগে নাটকে তার কর্তৃত্ববাদী চরিত্র তুলে ধরেছেন। গত ১০ জুন হয় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। এরপর ১১-১২ জুন এর আরও দুটি প্রদর্শনী হয়। দ্বিতীয় প্রদর্শনীর পর নাটকটিকে ঘিরে আপত্তি তুলে বাংলাদেশের স্তালিন-ভক্ত বেশ কয়েকজন বামপন্থি নেতাকর্মী। এর পর থেকে থেমে থেমে আরও চারটি প্রদর্শনী হয়েছে। আগামী মাসে আবারও মঞ্চে আসছে নাটকটি।
নাটকটির কেন্দ্রীয় চরিত্র ১৯২২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জোসেফ স্তালিন। যেখানে ক্ষমতাধর ব্যক্তিটিকে ঘিরে থাকা নানা চাটুকারিতার নজির তুলে ধরা হয়।
নাটকটি প্রসঙ্গে নির্দেশক কামালউদ্দিন নীলু জানান, স্তালিন একজন গণনায়ক ও কর্তৃত্ববাদী শাসক। পাশাপাশি তিনি এমন এক বিশাল ছায়া, যা তার মৃত্যুর পরও দুনিয়াকে আবিষ্ট করতে পারে। ছিল কিছু বাস্তবতাও। সেগুলোই নাটকে থাকছে।
পৌনে তিন ঘণ্টার নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহাদাত হোসেন। আরও আছেন সাবিনা সুলতানা, রায়হান আখতার, এ কে আজাদ, মোহাম্মদ রাফী সুমন, শাওন কুমার দে, শিপ্রা দাস, শান্তনু চৌধুরী, সুব্রত প্রসাদ বর্মণ, মর্জিনা মুনা, মেজবাউল করিম, চিন্ময়ী গুপ্তা, কাবেরী জান্নাত প্রমুখ।

