বাঙালি জাতির শ্রেষ্ঠ কবি বঙ্গবন্ধু তথ্য প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১১:৪০
তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত সোমবার (২৮ অক্টোবর) জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে কবি শাহেদ রহমানের তিনটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন এবং একক আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু ৭ মার্চ ভাষণে যে কবিতা রচনা করেছিলেন সেই কবিতায় বাঙালি জাতির মুক্তির আহ্বান ছিল, ছিল স্বাধীন বাংলাদেশের স্বতঃস্ফূর্ত উদযাপন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার সেই অমর কবিতা বিশ্বের বুকে চিরন্তন হয়ে থাকবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, জাতির পিতাকে নিয়ে বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা, গল্প, উপন্যাস, ছড়া এবং প্রবন্ধ রচনা হয়েছে। জাতির পিতাকে নিয়ে আরও বেশি বেশি কবিতা প্রকাশ করে ভবিষ্যত্ প্রজন্মের কাছে তুলে ধরতে কবিদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২০ সালকে বাংলাদেশ সরকার মুজিববর্ষ ঘোষণা করেছে এবং বছরব্যাপী জাতির পিতার জন্মশতবর্ষ পালন করার বিশাল আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছেন। বাংলাদেশের বর্তমান কবিদের প্রতি মুজিববর্ষ নিয়ে কবিতা রচনার আহ্বান করেন তিনি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শাহেদ রহমান কবিতার প্রতি সমর্পিত মানুষ। তার কবিতায় প্রেম, প্রকৃতি, স্বদেশসহ বিভিন্ন বিষয় চিত্রায়িত। সেখানে আছে দেশ ও মানুষের প্রতি দায়বোধ। বলা যায়, তার কবিতা চিত্ররূপময়। কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলাদের অধিকাংশ মানুষ তাদের রক্তে কবিতা ধারণ করে। যেভাবে তারা হাওয়া-মাটি-জল নিজের ভেতর ধারণ করে, কবিতাকে তারা সেভাবে গ্রহণ করে।
কবিতার মাধ্যমেই আমরা ‘জয় বাংলা’ ধারণ করেছি। জয় বাংলা বলেই আমরা এক হয়েছি। দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মনিরুজ্জামান, কবি নাসির আহমেদ ও সাংবাদিক আতাহার খান। অনুভূতি প্রকাশ করেন শাহেদ রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে শাহেদ রহমানের কবিতা আবৃত্তি করেন অধ্যাপক রূপা চক্রবর্তী, ডালিয়া আহমেদ, ড. শাহদাত্ হোসেন নিপু, মাহিদুল ইসলাম মাহি, পারভেজ চৌধুরী, নাজমুল আহসানসহ অন্য আবৃত্তি শিল্পীরা।

