আজ ঐতিহাসিক ৭ই মার্চ
উত্তরদক্ষিণ। শনিবার, ৭ মার্চ ২০২৬, আপডেট ০০:০১
আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন লাখো মানুষের সমাবেশে তিনি বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব ওই ভাষণে বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমিতে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন।

ঐতিহাসিক এই ভাষণকে বাঙালির স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের প্রেরণা হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭১ সালের মার্চ মাসজুড়েই দেশের নানা ঘটনাপ্রবাহ ইতিহাসে স্থান করে নেয়। ঘটনাবহুল এ মাস বাংলাদেশের জন্ম এবং বাঙালির আত্মত্যাগের এক অবিস্মরণীয় মাস। এ মাসের শুরু থেকে প্রায় প্রতিটি দিন ঐতিহাসিক ঘটনায় উজ্জ্বল। ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের ২৬ তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় প্রতিরোধ, বাঙ্গালী জাতির মুক্তিযুদ্ধ। পাকিস্তানী ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালি জাতির মুক্তির লড়াই। পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের।
২০১৭ সালে ইউনেসকো ৭ই মার্চের ভাষণকে ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি প্রদান করে।

