নুসরাত হত্যার রায়, ডেথ রেফারেন্স উচ্চ আদালতে, দ্রুত শুনানির প্রতিশ্রুতি অ্যাটর্নি জেনারেলের
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১২:২৫
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে জমা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ফেনী জজ আদালতের পিপি হাফেজ আহমেদ জানান, গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পুলিশি নিরাপত্তায় ফেনীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের অফিস সহকারী শামসুদ্দিন ডেথ রেফারেন্সের কপি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। এটা তিনি আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে হস্তান্তর করবেন। রায় ঘোষণার সাত কার্যদিবসের মধ্যে ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানোর বিধান রয়েছে। বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, দায়রা আদালত মৃত্যুদণ্ডাদেশ দিলে তা কার্যকর করার জন্য উচ্চ আদালতের অনুমোদন লাগে। এ কারণে ডেথ রেফারেন্স উচ্চ আদালতে পাঠানো হয়।
ফেনীর সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে পুড়িয়ে হত্যার মামলায় ওই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ জনকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছে। সিরাজ ওই মাদ্রাসার অধ্যক্ষ থাকার সময় নুসরাতকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তার পরিবার সিরাজের বিরুদ্ধে থানায় যৌন নিপীড়নের মামলা করে। মামলা তুলে না নেওয়ায় সিরাজের হুকুমে নুসরাতকে পুড়িয়ে হত্যা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা (৫৭), নূর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), পৌর কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে সম্পা ওরফে চম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।
দ্রুত শুনানির প্রতিশ্রুতি অ্যাটর্নি জেনারেলের: যৌন নিপীড়নের প্রতিবাদের কারণে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) তড়িত্ শুনানির জন্য সব রকমের পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) নুসরাত হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছানোর পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। মাহবুবে আলম বলেন, ‘নুসরাত হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। এখন নিয়ম অনুসারে নথিগুলো আদালতের কর্মকর্তারা পর্যবেক্ষণ করে দেখবেন। তাড়াতাড়ি যেন এ মামলা পেপারবুক প্রস্তুত হয়, দেখবো।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এ মামলায় দেশবাসীর আবেগ জড়িত এবং বিচার পাওয়ার আকাঙ্গক্ষা গোটা দেশবাসীর, কাজেই তড়িত্ গতিতে শুনানির যত রকমের পদক্ষেপ নেওয়ার, আমি নেবো।’

