হবিগঞ্জ শহরে সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন প্রকল্পের উদ্বোধন
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১৩:২৫
শহরের মধ্যভাগে সদর থানা, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল, জেলা পরিষদ ও সার্কিট হাউজের সামনের রাস্তা ও মুক্তিযোদ্ধা চত্বর রোড ডিভাইডার সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করেছে বিএসআরএম।
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় এ প্রকেল্পর উদ্ধোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ শহর এতদিন অবহেলিত ছিল। এখন সরকারিভাবে পুরাতন খোয়াই নদীতে নান্দনিক প্রকল্প, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা চত্বর থেকে এম এ মোতলিব চত্বর পর্যন্ত রোড ভিভাইডার বাস্তবায়ন হলে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি যানজট কমে আসত। তিনি বিএসআরএম কতৃক শহরের সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করায় ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, কাউন্সিলার শেখ উম্মেদ আলী শামীম, গৌতম রায়, নুর হোসেন, মোহাম্মদ আলমগীর, সচিব ফয়েজ আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এডভোকেট শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনও ইত্যাদি এড এর সত্বাধিকারী টিপু চৌধুরী। হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান জানান, এ প্রকল্পের মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আকর্ষণীয় রোড ডিভাইডারে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান ব্যবহার করা হয়েছে। যেমন ‘প্রাকৃতিক গ্যাস, পানি ও বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হোন’ ‘সিট বেল্ট ছাড়া গাড়িতে নয়’ ‘রাস্তায় হাটার সময় মোবাইল নয়’। তিনি আরও জানান, মুক্তিযোদ্ধা চত্বরের ফোয়ারার জন্য দুটি মোটর বসানো হয়েছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ ফোয়ারা। রোড ডিভাইডারে এবং ফোয়ারায় লাগানো ফুল গাছের দেখভালের জন্য দুইজন লোককে দায়িত্ব প্রদান করা হয়েছে।

