স্থানভেদে ছেলেদের ড্রেস কোড

স্থানভেদে ছেলেদের ড্রেস কোড

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ অক্টোবর ২০১৯ । আপডেট ১৮:০৩

পোশাক রীতি বা ড্রেসকোড সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এ সম্পর্কে প্রত্যেকেরই ভালো ধারণা থাকা উচিত, কারণ এর উপরই নির্ভর করে আপনার ব্যক্তিত্ব, পরিচয়, অবস্থান, এমনকি সফলতা পর্যন্ত! কিন্তু পোশাক নিয়ে আমাদের অনেকেরই রয়েছে অস্পষ্ট ধারণা।

ড্রেস কোড মূলত এক ধরনের অলিখিত নিয়ম, যেটা অনুসারে মানুষকে ভিন্ন ভিন্ন স্থান বা সময়ে উপযুক্ত পোশাক পরতে হয়। অবশ্য এটা যে সবসময় অলিখিত তা নয়। কেননা অনেক সময় অফিস বা অনুষ্ঠানে ড্রেস কোড উল্লেখ করা থাকে। সুনির্দিষ্ট পোশাক পরা নিয়মতান্ত্রিকতা এবং রুচির পরিচায়ক। এটি কর্মক্ষেত্রে কাজে মনোনিবেশ করতে যেমন সহায়তা করে, তেমনি আপনি যখন ভ্রমণে বা বন্ধুদের সাথে আড্ডায় আছেন, তখন আপনার মনকে নিরুদ্বেগ করে আনন্দের সঙ্গে মিশে যেতেও সাহায্য করে। আপনি নিশ্চয়ই ফর্মাল শার্ট-প্যান্ট এবং টাই পরে বন্ধু মহলে গিয়ে আড্ডা দিতে চাইবেন না! একইভাবে অফিসেও হাফ প্যান্ট পরে যাওয়া কোনোভাবেই কাম্য হতে পারে না।

কর্মক্ষেত্র, ক্যাম্পাস, বাইরে ঘোরাফেরা এমনকি বাসায় থাকার সময়ও আলাদা আলাদা পোশাকের আদব কেতা রয়েছে। আবার একই প্রতিষ্ঠানের ভেতর ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে থাকতে পারে আলাদা আলাদা পোশাকের চল। তাই কোথায় কেমন পোশাক পরিধান করা উচিত এবং সর্বোপরি ড্রেস কোডের সামগ্রিক ধারণা দিতে আমাদের আজকের এই আয়োজন।

ক্যাজুয়াল: ক্যাজুয়াল পোশাক ঘরের বাইরে ঘোরাফেরা, কেনাকাটা ইত্যাদি কাজের জন্য উপযোগী। ফুলহাতা কিংবা হাফহাতা শার্ট বা টি শার্ট-উভয়ই পরা যেতে পারে। ক্যাজুয়াল পোশাক নানা রংয়ের এবং ডিজাইনের হয়ে থাকে। সঙ্গে পরতে পারেন জিন্স বা গ্যাবাডিনের প্যান্ট। শার্ট প্যান্ট উভয় ক্ষেত্রেই নানা রং এবং ডিজাইনের হতে কোনো বাধা নেই। পায়ে থাকবে স্যান্ডেল, কেডস বা লোফার।

বিজনেস ক্যাজুয়াল: বিজনেস ক্যাজুয়াল ফ্যাশনে ক্যাজুয়াল লুকের ভেতর একটু ফর্মাল ছোঁয়া থাকে। আজকাল অনেকেই অফিসে বিজনেস ক্যাজুয়াল পরে থাকেন। তবে সব অফিস কিন্তু বিজনেস ক্যাজুয়াল পোশাকের অনুমতি দেয় না। এটা নির্ভর করে প্রাতিষ্ঠানিক রীতিনীতির উপর। পোলো টি শার্ট এবং গ্যাবাডিন প্যান্ট এই ক্যাটাগরীর জন্য উপযোগী। খেয়াল রাখা প্রয়োজন, টি শার্টের কলার থাকতে হবে এবং টি শার্ট ও প্যান্ট উভয়ই অপেক্ষাকৃত কম নকশাদার ও শালীন হওয়া প্রয়োজন। অফিসিয়াল ট্রিপে এ ধরনের পোশাক বেশ আরামদায়ক। জুতার ক্ষেত্রে পুরোপুরি ফরমাল শু না পরে কিছুটা ক্যাজুয়াল লুকের জুতা বেশি মানানসই হবে।

স্মার্ট ক্যাজুয়াল: স্মার্ট ক্যাজুয়ালে ফরমাল এবং ক্যাজুয়াল পোশাকের ভারসাম্যপূর্ণ সহাবস্থান ঘটে। ফর্মালের ভেতরেও ষ্টাইলিশ ভাবটা ফুটিয়ে তোলা যায়, যেটা কিনা একইসাথে প্রফেশনাল আবার আরামদায়ক। সাধারণ শার্ট-প্যান্ট পরতে পারেন, শার্ট প্যান্টে গোঁজা বা ইন থাকতে পারে। একটি ষ্টাইলিশ টাই ভালো মানাবে। সাধারণ ব্লেজার থেকে জ্যাকেট ষ্টাইলের কোট বেশী মানানসই। একরঙা জিন্সও পরতে পারেন।

বিজনেস ফরমাল: সাধারণত ফরমাল পোশাক বলতে আমরা যা বুঝি সেটাই হলো বিজনেস ফরমাল, যা পুরোপুরিভাবেই অফিসিয়াল পোশাক। আসলে একটি সম্পূর্ণ ব্লেজার সেট বা স্যুট থাকতে হবে। সাদা, হালকা নীল, ক্রীম ইত্যাদি রংয়ের ফুলহাতা শার্ট পরতে পারেন। হালকা ষ্ট্রাইপ দেয়া শার্টও মানানসই।শার্টের সঙ্গে থাকবে টাই। প্যান্ট এবং বেল্টটিও হতে হবে ফরমাল। সাধারণ ডায়ালের বেল্ট বা চেইন ঘড়ি থাকতে পারে হাতে। অক্সফোর্ড শু বেশি মানানসই হলেও পরতে এবং খুলতে অসুবিধাজনক হওয়ায় সাধারণ ফরমাল শু বেশি জনপ্রিয়। ঋতুভেদে স্যুট বাদ রেখে শার্ট-প্যান্ট এবং টাই পরতে পারেন।

সেমি ফরমাল বা ব্ল্যাক টাই: এটি মূলত পার্টি বা রাতের অনুষ্ঠানে পরার পোশাক। হলিউড মুভিতে আমরা যেমন টাক্সিডো পরতে দেখি, সেটিই এই পোশাক। বিশেষ গড়নের স্যুট পরা হয়ে থাকে, যেটার সামনের অংশের ল্যাপেলে সিল্কের মতো উজ্জ্বল রংয়ের কাপড় ব্যবহূত হয় এবং বো টাই পরা হয়। পায়ে থাকবে পেটেন্ট লেদারের অক্সফাম, অপেরা পাম্প শু, যেটা অবশ্যই হতে হবে চকচকে।

কোথায় কী পরবেন: চাকরির ইন্টারভিউয়ের সময় পোশাক নির্বাচন করা উচিত খুবই সতর্কতার সঙ্গে। সাদা, হালকা নীল বা এ ধরণের হালকা রংয়ের একরঙা শার্ট, ফরমাল প্যান্ট এবং টাই থাকতে পারে। পায়ে থাকবে কালো রংয়ের ফর্মাল জুতা। ইন্টারভিউ একটি সংবেদনশীল ব্যাপার। উত্সব, অনুষ্ঠান এবং দিবস উপলক্ষেও আলাদা ড্রেস কোড অনুসরণ করা উচিত। সর্বোপরি সঠিক ড্রেস কোড অনুসরণ করা আপনার আত্মবিশ্বাস বাড়ায়। কর্মক্ষেত্রে আপনার উত্পাদনশীলতা বাড়ায় এবং আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করে। ফোর্বস ম্যাগাজিনের মতে, সঠিক পোশাক পরিধান হতে পারে আপনার সফলতার  প্রথম পদক্ষেপ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading