অনলাইনে জুতার কেনাকাটা

অনলাইনে জুতার কেনাকাটা

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ অক্টোবর ২০১৯ । আপডেট ১৮:১০

আমাদের ব্যস্ত জীবনে কেনাকাটার ঝক্কি কমিয়ে আনার কারণেই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন অনলাইন শপিং সাইটগুলো। আর তাই এখন আর জামা, জুতা বা অনুষঙ্গ কিনতে বিভিন্ন শপিং সেন্টারে ঘুরে বেড়াতে হয় না। ঘরে বসেই পছন্দের জিনিস অর্ডার করলে তা হাতে পাওয়া যায়। সময় ও কষ্ট দুই কমাতে তাই অনেকেই এখন অনলাইন শপিং-এর উপর অনেকটাই নির্ভরশীল। তবে প্রসাধনী, গয়না বা পোশাক কেনার তুলনায় অনলাইনে জুতা অর্ডার করা কিছুটা ঝামেলার। কারণ জুতার ক্ষেত্রে পায়ের মাপের একটা বিষয় থাকে। সঠিক মাপমতো জুতা অর্ডার করা না গেলে শেষে মন খারাপ হতে পারে। তাই অনলাইনে জুতা অর্ডারের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ওই দিকগুলোই এখানে তুলে ধরা হলো।

সঠিক মাপ বাছাই: দোকানে গিয়ে পায়ের মাপমতো জুতা কেনার সুবিধা অনলাইনে নেই। নতুন কোনো ব্র্যান্ডের জুতা অনলাইনে প্রথমবার কিনতে গেলে ঝামেলায় পড়তে হতে পারে। অর্ডার করার আগে অবশ্যই তাদের পায়ের মাপ সম্পর্কিত নির্দেশনা ভালোভাবে পরে নিন। প্রতিটি ব্র্যান্ডের পায়ের মাপ নেওয়ার নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ করা থাকে, সেই দিকগুলো অনুসরণ করে তবেই অর্ডার করুন।

নিয়মাবলী পড়ুন: অর্ডার করার আগে ব্র্যান্ডের নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন। পছন্দ না হলে বা মাপে না মিললে তা ফিরিয়ে দেওয়ার বা বদলে নেওয়ার সুবিধা আছে কিনা, সেক্ষেত্রে বিশেষ কোনো চার্জ বা ফি দিতে হবে কিনা এই বিষয়গুলো আগেই জেনে নিতে হবে।

ডেলিভারি পাবার সঙ্গে সঙ্গেই পরে দেখুন: অর্ডারের জুতা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পায়ে পরে দেখুন। কারণ বেশি দেরি করলে মাপ ঠিক না হলে বদলে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই মাপ ঠিক আছে কিনা তা হাতে পেয়েই যাচাই করে দেখুন। জুতার যে কোনো ধরনের ক্ষতি এড়াতে ঘরের মধ্যে প্রথমে পরে দেখুন। এতে জুতার সোলে ময়লা লেগে যাওয়ার ঝুঁকি থাকবে না এবং তা বদলে নিতেও কোনো সমস্যা হবে না।

অর্ডার করার আগেই পণ্য সম্পর্কে জেনে নিন: যে জুতাটি পছন্দ করেছেন সেটি অর্ডার করার আগে এর সম্পর্কে জেনে নিন। জুতা তৈরির ম্যাটেরিয়াল কি, হিল কতখানি এই বিষয়গুলো মূলত নিচে একটি বক্সে উল্লেখ করা থাকে। তাই অর্ডার করার আগেই এই সম্পর্কে জেনে নিন।

স্টাইল: সবারই নিজের জুতা বাছাইয়ের ক্ষেত্রে আলাদা পছন্দ থাকে। আবার কেউ কেউ বিশেষ ধরনের জুতা পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই অনলাইনে জুতা অর্ডারের আগে ভালোভাবে বুঝে নিন যেটি অর্ডার করছেন সেই জুতাটি আসলেও আপনার জন্য উপযুক্ত কিনা।

নতুন ব্র্যান্ডের জুতার ক্ষেত্রে: প্রথমবারের মতো কোনো ব্র্যান্ড অর্ডার করার ক্ষেত্রে এক জোড়া জুতাই অর্ডার করুন। এতে জুতার মান, কতটা আরামদায়ক, আকার ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। একসঙ্গে বেশি জুতা অর্ডার করার পর যদি মনে হয় তা মনমতো হয়নি তখন আফসোস করতে হবে। তাই একজোড়া জুতা কিনেই শুরুটা করুন।

মূল্য পরিশোধের উপায়: কেনার আগে জেনে নিন কিভাবে মূল্য পরিশোধ করতে হবে এর উপায়। যদি অনলাইন পেমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার কার্ড দিয়ে পেমেন্ট করা কতটা নিরাপদ সে সম্পর্কেও নিশ্চিত হন। এছাড়া অগ্রিম টাকা পরিশোধের ক্ষেত্রে তাদের পুরো পদ্ধতি কতটুকু নিরাপদ সে বিষয়গুলোও জেনে নিন।

রিভিউ দেখে নিন: প্রতিটি অনলাইন সাইটেই অর্ডার করার আগে তাদের রিভিউ এবং রেটিং দেখে নিন। কারণ এ থেকে তাদের পণ্যের মান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অনলাইন রিভিউয়ের পাশাপাশি যারা অনলাইনে কেনাকাটা করে থাকেন তাদের সঙ্গে কথা বলেও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন।

অনলাইনে পণ্য অর্ডার করার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা কাজ করে। অনেক ক্ষেত্রেই ছবির সঙ্গে মূল পণ্যের মিল থাকে না বা মান মনমতো হয় না। তাই সব বিষয় মাথায় রেখে তবেই অর্ডার করতে হবে এবং অর্ডার করার আগেই মান সম্পর্কে ধারণা নিয়ে তবেই সিদ্ধান্ত নিতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading