আমেরিকার কুইন্স লাইব্রেরিতে বঙ্গবন্ধু সম্পর্কিত বই

আমেরিকার কুইন্স লাইব্রেরিতে বঙ্গবন্ধু সম্পর্কিত বই

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩১ অক্টোবর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮

আমেরিকার কুইন্স লাইব্রেরিতে যুক্ত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লেখা ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্যা নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটি। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক বইটি আনুষ্ঠানিকভাবে সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। ২৮ অক্টোবর বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনকালে কুইন্স লাইব্রেরির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান লাইব্রেরিয়ান নিক বোরনের কাছে বইটি হস্তান্তর করেন নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। বোরন অত্যন্ত আগ্রহের সাথে এই মূল্যবান বই তিনটি গ্রহণ করেন। বোরন বলেন, এই ঐতিহাসিক সংকলনটি কুইন্স লাইব্রেরির সংগ্রহে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। এসময় কনসাল জেনারেল বইটির পটভূমি সম্পর্কে তাকে অবহিত করেন। এ সময় কনসাল জেনারেল মহান ‘শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০১৯’ যৌথভাবে উদযাপনে সহযোগিতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০১৯’ উদযাপনে সহযোগিতা প্রদানের জন্য কুইন্স লাইব্রেরিকে ধন্যবাদ জানান। কনস্যুলেট জেনারেলের এসব গুরুত্বপূর্ণ উদ্যোগী ভূমিকার ভূয়সি প্রসংশা করে বোরন বলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলই প্রথম কনস্যুলেট অফিস যারা মূলধারার কুইন্স লাইব্রেরিকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপন করেছে।

নিক বোরন বলেন, নিউইয়র্কে দুইশত-এর অধিক ভাষার লোক বাস করেন এবং বাংলা ভাষাভাষীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কুইন্স লাইব্রেরিতে দিন দিন বাংলাদেশি-আমেরিকান পাঠকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং ইতোমধ্যেই কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত বাংলা ভাষার বিভিন্ন বই এসব পাঠকদের নিকট বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। সেজন্য তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আসতে পেরে আনন্দিত বোধ করছেন। এ সময় তিনি কনস্যুলেটের অডিটরিয়ামে শিশুদের জন্য বাংলা পাঠ্যবই প্রাপ্তির সুযোগ দেখে অভিভূত হন। কনসাল জেনারেল তাকে বলেন এসব বাংলা পাঠ্যবই নিউইয়র্ক ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি পরিচালিত বাংলা স্কুলগুলোতে সরবরাহ করা হয়ে থাকে। নতুন প্রজন্মের কাছে সমৃদ্ধ বাংলা ভাষাকে তুলে ধরার জন্য কুইন্স লাইব্রেরিতেও এসকল বই সরবরাহ করা হবে বলে কনসাল জেনারেল তাকে জানান। উল্লেখ্য, ইতোপূর্বেও কনস্যুলেট কর্তৃক কুইন্স লাইব্রেরিতে অন্যান্য বই সরবরাহ করা হয়েছে। কনস্যুলেটের কাউন্সেলর আয়শা হক এসময় উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading