দীপনের ছবিতে নুসরাত ফারিয়া
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৯
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমান ছবি ও বিজ্ঞাপনে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ইতমধ্যেই শেষ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপনের ‘ঢাকা-২০৪০’ ছবির কাজ। যাতে ফারিয়ার সঙ্গে অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা। যেখানে তিনি অভিনয় করেছেন একজন গবেষকের চরিত্রে। দীপঙ্কর দীপনের সঙ্গে এটিই ফারিয়ার প্রথম ছবি। এরইমধ্যে দীপনের আরও একটি ছবিতে অভিনয় করছেন তিনি। যার নাম ‘অপারেশন সুন্দরবন’। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হবে এই ছবিটাি। গত চার মাস আগে মুক্তিযোদ্ধা জাদুঘরে ছবিটির মহরত হলেও জানা যায়নি অভিনয়শিল্পীদের নাম। অবশেষে জানা গেল কে কে অভিনয় করছেন ‘অপারেশন সুন্দরবন’-এ। ফারিয়া ছাড়াও এতে আরও অভিনয় করবেন সিয়াম আহমেদ, জিয়াউল রোশান ও তাসকিন রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক দীপংকর দীপন। তিনি জানান, শুক্রবার (১ নভেম্বর) বাগেরহাট জেলা স্টেডিয়ামে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণার প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠান হবে। সেখানেই ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হবে। এরপর ডিসেম্বরে শুরু হবে সিনেমাটির শুটিং। তবে তার আগে অন্যরকম একটি আয়োজন করা হবে বলেও জানিয়েছেন দীপন। এদিকে শোনা যাচ্ছে, ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন চিত্রনায়ক রিয়াজ। তাকে র্যাবের এক বড় কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। তবে এই বিষয়ে নির্মাতার পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি প্রযোজনা করছে র্যাবের ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি-হুইলারস। এদিকে মুক্তি অপেক্ষোয় রয়েছে ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ ছবি। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে ঢাকাই সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করলেন তিনি। সঙ্গে ছিলেন নবাগত রোদেলা জান্নাতও।

