দলকানা না হয়ে পরিবারের কথা ভাবতে হবে: বাঁধন
উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:০৫
গতকাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে। এবারের আসরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীদের হাতে হামলা ও হেনস্তার শিকার হন তিনি।
হামলার ঘটনার এক সপ্তাহ পর সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন বাঁধন। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, ‘তারা আমার গায়ে হাত তুলেছে। আমার মনে হয়, এটা করে আক্রমণকারীরা নিজেদের অনিরাপদ করছে। ইতালিতে যে ঘটনা ঘটেছে, সেটা আসলে দুঃখজনক। এতে কিন্তু বিদেশের মাটিতে আমাদের নাম ক্ষুণ্ন হলো।’
বাঁধন বলেন, ‘আপনারা দলকে ভালোবেসে এমন করছেন কিন্তু আপনাদের পরিবার যখন কষ্ট করবে দলের নেতারা দেখবে না। তারা আরামে আছে, ভিডিও বার্তা দিচ্ছে।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘দলকানা না হয়ে পরিবারের কথা ভাবতে হবে। কারণ, কষ্ট করে তারা পরিবারের জন্যই কাজ করছেন।’
বাঁধন জানান, গত ৮ সেপ্টেম্বর ইতালিতে এ ঘটনায় মামলা করেছেন তিনি। ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন জানান, ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল।
এর আগে ৭ সেপ্টেম্বর রাতে ইতালির মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল প্রবাসী বাংলাদেশি তাকে হেনস্তা করে এবং হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে কয়েকজনকে বাঁধনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। ঘটনাটির পর বাঁধন স্থানীয় থানায় অভিযোগ করেন। ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে।
ইউডি/কেএস

