বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু ৮ ডিসেম্বর
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন শুরু হবে চলতি বছরের ৮ ডিসেম্বর থেকে। গত বৃহস্পতিবার (৩১ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।
২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সভায় আগামী বছর ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর জাতীয় কর্মসূচি যথাযথভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ১৭ মার্চ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
এর আগে সভার শুরুতেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ১৭ মার্চ থেকে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। সভায় দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র সদস্যরা অংশগ্রহণ করেন। এর মধ্যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও ছিলেন। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিদ্যুত্, জ্বলানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো. সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেইন, তথ্য সচিব আব্দুল মালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, অভিনেতা হাসান ইমাম এবং শামসুজ্জামান খানও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

