আ.লীগ নেতা ‘সুইডেন’ আতাউর গ্রেফতার

আ.লীগ নেতা ‘সুইডেন’ আতাউর গ্রেফতার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০

নরসিংদীতে জালিয়াতি ও প্রতারণার মামলায় আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে সিআইডি। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ১১টার দিকে সিআইডি তাকে নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃত আতাউর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সুইডেন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে পুলিশের কাছ দাবি করেছেন। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আতাউর রহমান ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে নরসিংদীতে শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মানুষের জমি দখল ও প্রতারণা করেন বলে অভিযোগ রয়েছে। নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় অবস্থিত শত কোটি টাকা মূল্যের মোল্লা স্পিনিং মিলটি সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করে নিয়ে সুইডেন বাংলা টেক্সটাইল নাম দিয়ে পরিচালনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংক ঋণের বিপরীতে দায়বদ্ধ শিল্পপ্রতিষ্ঠানটির অবৈধ দখলদার আতাউর রহমানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করে মিলটির ঋণদাতা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক। ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ বেলাল হোসেন বাদী হয়ে দায়ের করা মামলায় দখলদার উচ্ছেদের দাবি জানানো হয়। প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও সুইডেন আতাউরের প্রভাব ও নানা তদবিরে তা বাধাগ্রস্ত হয়। এ কারণে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি তাকে গ্রেফতার করে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত আতাউরকে জালিয়াতি ও প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

কেন্দ্রীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সুইডেনে আওয়ামী লীগের কোনও অনুমোদিত কমিটি নেই। বেশ কয়েকটি স্বঘোষিত কমিটি রয়েছে। এরকমই একটি কমিটির সভাপতি ছিলেন আতাউর। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভুইয়া জানান, ‘আতাউর রহমান সুইডেনে কোনও পদে ছিল কিনা আমার জানা নাই। তবে তিনি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। আমি যতদূর জানি একটি মিলের মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে টানাহেঁচড়া চলছে। এর জের ধরেই তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে। তার বিরুদ্ধে অন্য কোনও প্রতারণা বা দুর্নীতির কোনও অভিযোগ আছে বলে আমাদের জানা নেই।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading