১০ কোটি টাকা ক্ষতিপূরণঃ রাহাতের মৃত্যুতে প্রথম আলোকে উকিল নোটিস
উত্তরদক্ষিণ অনলাইন । রবিবার,০৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৪ঃ০৭
১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দৈনিক প্রথম আলোকে উকিল নোটিস দেওয়া হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ওবায়েদ আহমেদের পক্ষে নোটিসটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফয়েজ উল্লাহ (ফয়েজ)। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের ওই কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণির ছাত্র নাইমুল (১৫)। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষার্থীরা বলছে, সংশ্লিষ্টদের অবহেলার কারণেই রাহাতকে মরতে হয়েছে।
ঘটনার জন্য প্রথম আলোর প্রকাশক-সম্পাদক, কিশোর আলোর সম্পাদক, তথ্য সচিব ও শিক্ষা সচিবকে ‘যৌথভাবে দায়ী’ করে তাদের ঠিকানায় রেজিস্ট্রি ডাকে রোববার নোটিসটি পাঠানো হয়। নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে নাইমুল আবরার রাহাতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক ও কিশোর আলোর সম্পাদকের কাছে দাবি জানানো হয়েছে। তা নাহলে নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরণের অনুষ্ঠানের অনুমতি দেওয়ার আগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

