ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আটক ৪ ইন্ডিয়ান ক্রিকেটার
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৬
কিছুদিন আগেই ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। ফিক্সিংয়ে সহায়তা না করেও তথ্য গোপনের কারণে নিষিদ্ধ করা হয় বাংলাদেশের এই অল রাউন্ডারকে। সেই রেশ কাটতে না কাটতেই সরাসরি ম্যাচ ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তার হলেন ইন্ডিয়ান চার ক্রিকেটার। কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং এবং জুয়ার মামলায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিশান্ত সিং শেখাওয়াত এই লিগে ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তার হওয়া দ্বিতীয় ক্রিকেটার। এর আগে অক্টোবরে গ্রেপ্তার হয়েছিলেন এম বিশ্বনাথ নামের এক খেলোয়াড়। গতকাল বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) গ্রেপ্তার হয়েছেন আরও দুইজন। এছাড়া কোচ এবং দলের মালিক একই গ্রেপ্তার হয়েছেন। এনিয়ে পর্যায়ক্রমে গ্রেপ্তার হলেন চার ইন্ডিয়ান ক্রিকেটার। নিশান্তের বিরুদ্ধে অভিযোগ, ব্যাঙ্গালুরু ব্লাস্টের বোলিং কোচ বিনু প্রসাদের সঙ্গে বাজিকর মনোজ কুমারের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। গত মাসে বিশ্বনাথানের সঙ্গে গ্রেপ্তার হন বিনু প্রসাদও। ধারণা করা হচ্ছে ফিক্সিংয়ের জন্য বিশ্বনাথকে প্রভাবিতও করেছিলেন নিশান্ত। হুবলি টাইগার্সের বিপক্ষের ম্যাচে ২০ বলে ১০ রানের কম করতে বলা হয়েছিল বিশ্বনাথকে। সেই ম্যাচে ১৭ বলে ৯ রান করে ৫ লাখ রুপি কামাই করেছিলেন বিশ্ব।

