ম্যারাডোনার ঘোষণা দান করবেন সব সম্পত্তি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৪
খেলার জগতের বাইরে ডিয়েগো ম্যারাডোনা নানা সময়েই খবরের শিরোনাম হন। এবার রাগের বশে নিজের সব সম্পত্তি দান করে দেওয়ার ঘোষণা দিলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, নিজের দেশে ক্লাব জিমনাসিয়া নামে একটি দলের কোচ হিসেবে বর্তমানে ব্যস্ত সময় কাটছে ম্যারাডোনার। তবে দলের চরম ব্যর্থতায় হতাশ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই খেলোয়াড়। তাই বাবাকে সমর্থন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন ম্যারাডোনার মেয়ে জিয়ানিন্না। তিনি লিখেন, ‘বাবা ভেতর থেকে মারা যাচ্ছেন, তিনি বিষয়টি বুঝতে পারছেন না।’ জিয়ানিন্না লিখেন, ‘আমি বিশ্বাস করি না যে তিনি স্বাভাবিক আছেন, এটাই বাস্তবতা যা তিনি আশা করেন। দয়া করে তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।’ এরপরই মেয়ের ওপর ক্ষেপে যান ম্যারাডোনা। মেয়ের ওপর রাগ করে তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দেওয়ার ঘোষণা দেন। ইউটিউবে আপলোড করা এক ভিডিওতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি এখনো মারা যাইনি। আমি শান্তিতে ঘুমাই, কেননা আমি কাজ করি। বুঝলাম না কেন সে (জিয়ান্নিনা) বিরক্ত করছে।’ এই ফুটবল তারকা আরও বলেন, ‘আমি এটা বুঝতে পারি যে, আপনি যখন বৃদ্ধ হন, তখন আশপাশের মানুষ আপনি কী করছেন তার চেয়ে বেশি ভাবে আপনি কী রেখে যাচ্ছেন। তাদের বলে দিতে চাই, আমার সবকিছু আমি দান করে যাবো।’

