সৌদি আরবে নারীদের না পাঠানোর দাবি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪০
মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বসবাসরত নারীদের নিরাপত্তা ও নতুন করে নারীদের সৌদি আরবে না পাঠানোর দাবি জানানো হয়েছে। ‘প্রবাসী নারী শ্রমিকের পাশে বাংলাদেশ’ ব্যানার থেকে এ দাবি জানানো হয়। এসময় তাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নারীনেত্রীরা। প্রবাসে বসবাসরত নারীদের ওপর চলা বিভিন্ন অত্যাচার ও অনিয়মের কথা তুলে ধরেন তারা। বক্তারা অভিযোগ করে বলেন, ‘প্রবাসে বিশেষ করে সৌদি আরবসহ মধ্যাপ্রাচ্যে নারীরা নানারকম শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হলেও প্রবাসী মন্ত্রণালয় কোন ব্যবস্থা নিচ্ছে না বরং তারা অত্যাচারিত হয়ে দেশে ফিরে আসা নারীদের দোষারোপ করছে। সৌদি আরব যেতে সরকারিভাবে টাকা না লাগলেও নারীরা নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন।’ প্রবাসে নির্যাতিত নারীরা বাংলাদেশ হাইকমিশনের কাছে সাহায্য চাইলেও দূতাবাসের কর্মকর্তারা কোনো সাহায্য করে না জানিয়ে তারা আরও বলেন, ‘বরং যাদের পাঠানো টাকা দেশের অর্থনীতি শক্তিশালী করছে তাদের নামে মিথ্যা ও বানোয়াট কথা বলা হচ্ছে।’ এ বিষয়ে তারা দ্রুত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ও আর কোনো নারীকে সৌদি আরবে না পাঠানোর দাবি জানান।
পরে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে রওয়ানা হলে তা টিএসসি’তে পুলিশি বাধার মুখে পড়ে। পরে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ৫ সদস্যের একটি দল গিয়ে স্মারকলিপি দেয়।

