ফের দরপতনের ধারায় পুঁজিবাজার
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩২
ফের দরপতনের ধারায় ফিরে এসেছে বাংলাদেশের পুঁজিবাজার। মূল্যসূচকের পাশপাশি লেনদেনও কমেছে দুই বাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। দীর্ঘদিন পর গত সপ্তাহ একটা ‘স্বস্তির’ সপ্তাহ পার করার পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছিল। কিন্তু চলতি সপ্তাহে ফের দরপতনের ধারায় ফিরে এসেছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত রবিবার সরকারি ছুটি থাকায় গত সোমবার হয় সপ্তাহের প্রথম লেনদেন। ঔ দিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৫৫ পয়েন্ট বাড়লেও লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমে আসে। গত মঙ্গলবার এই সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট কমে। আর গতকাল বুধবার পড়েছে ৪২ পয়েন্ট। শতাংশ হিসাবে যা ১ শতাংশের মতো। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত মঙ্গলবার ডিএসইএক্স বা প্রধান সূচক ৪২ দশমিক ০২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৭ দশমিক ১৭ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭ দশমিক ৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৪৭ দশমিক ০৫ পয়েন্টে। গতকাল বুধবার ঢাকায় ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

