খুলনায় ‘প্রতিবন্ধী’ যুবককে মারধর: এসআই প্রত্যাহার
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ নভেম্বর ২০১৯ । আপডেট ১৫:৩৪
খুলনায় ‘বুদ্ধি প্রতিবন্ধী’ এক যুবককে মারধরের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার সন্ধ্যায় তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন- নগরীর আড়ংঘাটা থানার রংপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পুষ্পল মণ্ডল ও নায়েক খালেক।
এলাকাবাসীর অভিযোগ, শনিবার বিকাল ৩টার দিকে নগরীরর ঠাকুরণ তলা ‘রাস উৎসবে’ মিউজিক বক্সের সামনে আনন্দ-উল্লাস করার সময় ওই এলাকার অধীর মণ্ডলের ছেলে রাজু মণ্ডলকে (২২) এসআই পুষ্পল ‘বেধড়ক মারধর’ করেন। পরে রাজুকে আহত অবস্থায় ক্যাম্পে নিয়ে যায়।
এ সময় এলাকাবাসী প্রতিবাদ করলেও এসআই তা শোনেন নি বলে জানান তারা।
রাজু বুদ্ধি প্রতিবন্ধী বলে তার বাবা অধীর মণ্ডল জানান।
এ বিষয়ে আড়ংঘাটা থানার ওসি কাজি রেজাউল করিম বলেন, “এলাকাবাসীর সঙ্গে রংপুর ক্যাম্প সদস্যদের একটু ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যায় এসআই পুষ্পল মল্ডল ও নায়েক খালেককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”
এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি।

