শাকিবকে ১০ লাখ টাকা জরিমানা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪৪
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। এতে বাংলাদেশ থেকে অংশ নেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। তবে সেখানে ভাঙাভাঙা ইংরেজি আর হিন্দিতে কথা বলায় তুমুল সমালোচনায় পরেন। সেই রেশ কাটতে না কাটতেই আবারও খবরের শিরোনামে আসলেন তিনি। রাজউকের নকশা না মেনে অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন রাজউকের ভ্রাম্যমান আদালত। শাকিবের গুলশান নিকেতনের বাড়িটির জন্য এ জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাজউকের এ অভিযান পরিচালিত হয়। রাজউকের অভিযানকালে ওই বাড়িতে উপস্থিত ছিলেন শাকিব খানের ভগ্নিপতি ও বাড়িটির কেয়ারটেকার। ভ্রাম্যমান আদালতের কাছে বাড়িটির কাগজপত্র দেখাতে আসলে সেখানে অসংলগ্নতা ধরা পড়ে। ঘটনাস্থলেই শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেন (অনাদায়ে এক বছরের জেল) ভ্রাম্যমাণ আদালত। শাকিব খানকে জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন। এ প্রসঙ্গে মোহাম্মদ হোসেন বলেন, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত নিকেতন এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খানের বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

