সুতার গয়না

সুতার গয়না

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ নভেম্বর ২০১৯ । আপডেট ১৩:২০

নকশায় যত ভারিক্কি ভাব, ততই কি সুন্দর? সবখানে নয়। খুব সাধারণ আর হালকা নকশাও নিয়ে আসতে পারে ভিন্ন কিছু। গল্প বোনার মতো করেই যেন বুনে চলে নিজ সৌন্দর্য। সুতার গয়না তেমনই। এ গয়না এখন দিব্যি জায়গা করে নিয়েছে সোনা-রুপার পরিবর্তে। শাড়ি থেকে শুরু করে টপ-জিনসের সঙ্গে মানিয়ে যায় সহজেই। পরতে আরাম। যত্ন নিতেও কষ্ট নেই। সবকিছু মিলিয়ে তাড়াহুড়োর এ জীবনে এই গয়না অনেকটাই যেন খাপে খাপ মেলানো।

সুতার গয়নার বৈশিষ্ট্য হলো বিভিন্ন রঙের সুতার ব্যবহার এটিকে রঙিন করে তোলে। যেকোনো অনুষ্ঠানে এবং যেকোনো সাজের ক্ষেত্রে এই গয়না মানানসই বলে জানালেন ফ্যাশন হাউস বিবিয়নার ডিজাইনার লিপি খন্দকার। তাঁর মতে, হালকা ও রঙিন হওয়ায় সব ধরনের পোশাকের সঙ্গে এটি মানানসই। জাঁকজমক অনুষ্ঠান থেকে শুরু করে যেকোনো সাধারণ অনুষ্ঠানে সুতার গয়না বেশ ভালোভাবে চলনসই। তবে এ ক্ষেত্রে পোশাকের ধরন ও রঙে নজর দিতে হবে। যেমন পোশাক যদি হয় অনেক বেশি রঙিন, তবে পোশাকের মধ্যে যে রঙের আধিক্য সবচেয়ে কম, সেই রঙের একরঙা গয়নায় সাজ হতে পারে। তেমনি একরঙা পোশাকের ক্ষেত্রে ঠিক উল্টোটা। কয়েক রঙের ব্যবহারে তৈরি রঙিন গয়নায় ফুটবে বর্ণিল আভা। বড় গলার পোশাক হলে গলার সঙ্গে মিলিয়ে ছোট গয়না এবং উঁচু কলারের পোশাক হলে লম্বা সুতার মালায় সাজ পাবে পূর্ণতা।

সুতি কাপড় থেকে শুরু করে জামদানি, সিল্ক এমনকি কাতান কাপড়ের সঙ্গেও সুতার গয়না খুব সহজেই মানিয়ে যায়। সুতার গয়নাকে আরও আকর্ষণীয় করে তুলতে এর সঙ্গে ব্যবহার করা হয় মুক্তা, রুপা, পিতল এমনকি স্বর্ণও, জানালেন আড়ংয়ের জুয়েলারি অ্যান্ড লেদার প্রডাক্টের ইনচার্জ শাহীনা রাব্বি তপতী। তিনি বলেন, সুতির সুতাকে মূল উপকরণ হিসেবে ব্যবহার করেই এই গয়না বানানো হয়। আন্তর্জাতিক চলতি ধারাকে প্রাধান্য দিয়ে সুতার টাসেলের তৈরি গয়না কিশোরীদের খুবই পছন্দের। নানা রঙের ব্যবহারে কিংবা একরঙা সুতার ব্যবহারে নকশা করা হয় সুতার গয়না। সুতার মাঝে কড়ি, মুক্তা, স্বর্ণ, রুপা কিংবা পিতলের দেওয়া হচ্ছে।আড়ং, রংসহ দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউসে সহজেই পাওয়া যাচ্ছে এই গয়না। দামটাও সাধ্যের মধ্যে। কানের দুলসহ গলার গয়নার দাম পড়বে ১৫০ থেকে শুরু করে ১ হাজার ৫০০ টাকার মধ্যে এবং সুতার কারুকার্য করা চুড়ির দাম পড়বে ৫০ থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে। এ ছাড়া ফ্যাশন হাউসগুলো ছাড়াও নিউমার্কেট ও গাউছিয়ার বিভিন্ন দোকানে সাশ্রয়ী মূল্যে এই গয়না পাওয়া যাবে। তবে টুকটাক হাতের কাজ জানা থাকলে উপকরণ জোগাড় করে নিজেরাও তৈরি করে নিতে পারেন ঘরে বসেই।

তবে গয়না শুধু ব্যবহার করলেই হবে না, একটু যত্নশীল হয়ে দীর্ঘদিন এই গয়না সংরক্ষণে রাখার বিষয়ে পরামর্শ দিয়েছেন লিপি খন্দকার। তিনি বলেন, যেহেতু সুতি সুতা, তাই ঘামে ভিজে গেলে অনুষ্ঠান শেষে এই গয়না ভালোভাবে শুকিয়ে তারপর তুলে রাখতে হবে। কোনোভাবেই ভেজা অবস্থায় নয়; তাহলে রং নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই আলাদা বাক্সে কিংবা পলিব্যাগের মধ্যে রাখতে হবে, যেন ধুলার সংস্পর্শে না আসে। জানা হয়ে গেল সুতার গয়নায় সাজের আদ্যোপান্ত, এবার তবে পোশাকের সঙ্গে মিলিয়ে একরঙা কিংবা রঙিন গয়নায় আকর্ষণীয় রূপে নিজেকে উপস্থাপন করুন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading