৩০ হাজার টাকায় সেরা স্মার্টফোন, কিনবেন কীভাবে
উত্তরদক্ষিণ। সোমবার (১৮ আগস্ট) ২০২৫, আপডেট ১০:০০
জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে স্মার্টফোন। কারণ, স্মার্টফোনে প্রয়োজনীয় অনেক কাজ করা যায়। ছবি থেকে ভিডিও এডিটিংসহ সব ধরনের যোগাযোগ, বিনোদন, শিক্ষা ও পেশাগত কাজে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। ৩০ হাজার টাকার মধ্যে ভালো ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়।
এ ধরনের স্মার্টফোন কেনার আগে ব্যবহারকারীরা এর ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসরসহ বিভিন্ন বৈশিষ্ট্য দেখে কেনেন। দেশের বাজারে ৩০ হাজার টাকার মধ্যে স্যামসাং, হুয়াওয়ে, অনর, নকিয়া, মটোরোলা, আইকিউ, রেডমি, রিয়েলমি, অপো, ভিভো, টেকনো, ইনফিনিক্স, নাথিং ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়।
ভালো ফোন কেনার জন্য প্রথমেই নিজের বাজেট ঠিক করা দরকার। এর পাশাপাশি ফোনটি মূলত কোন কাজে বেশি ব্যবহার হবে, তা–ও চিন্তা করতে হবে। যেমন কেউ যদি ছবি তুলতে চান, তাহলে ভালো ক্যামেরা দরকার, কেউ গেমস খেলতে চাইলে শক্তিশালী প্রসেসর ও র্যাম প্রয়োজন। আর কেউ যদি দৈনন্দিন ব্যবহারের জন্য কিনতে চান, তাঁর প্রয়োজন ভালো ব্যাটারি ও ডিসপ্লে।
বাজেট অনুযায়ী, বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ফোন পাওয়া যায়। তাই কয়েকটি ফোনের বৈশিষ্ট্য ও মূল্য তুলনা করে দেখাই বুদ্ধিমানের কাজ। ফোন কেনার আগে ইউটিউব রিভিউ, টেক ব্লগ ও ব্যবহারকারীদের মতামত খতিয়ে দেখা উচিত। এর ফলে সেই ফোনের বাস্তব ব্যবহারিক দিক জানা যায়। এ ছাড়া ফোনের আসল বা নকল হওয়া যাচাই করার জন্য আইএমইআই (IMEI) নম্বর যাচাই করা জরুরি। এর সঙ্গে অফিশিয়াল ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা পাওয়া যায় কি না, তা নিশ্চিত করতে হবে।
ফোন কেনার সময় বিশ্বস্ত শোরুম বা অফিশিয়াল অনলাইন স্টোর থেকে কেনা উত্তম। এর ফলে বিক্রয়োত্তর সেবা যেন সহজে পাওয়া যায়, তা নিশ্চিত করলে ফোন ব্যবহারে ঝামেলা কম হবে।
বাজারে এই বাজেটে স্যামসাং, শাওমি, রিয়েলমি ইত্যাদির বেশ কিছু মডেল রয়েছে। তবে সফটওয়্যার আপডেটের নিশ্চয়তা, ব্যাটারির ক্ষমতা, প্রসেসরের পারফরম্যান্স ও বিক্রয়োত্তর সেবা—এসব দিক বিবেচনায় স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি, অনর এক্স ৮সি, ভিভো ভি৫০ লাইট ৪জি, শাওমি রেডমি নোট ১৪ প্রো ৪জি, অপো এ৫ প্রো, নাথিং সিএমএফ ফোন ২ প্রো, স্যামসাং গ্যালাক্সি এ২৬, ভিভো ওয়াই ৩৫, রিয়েলমি নারজো ৬০ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এম ১৪ ৫জি, শাওমি রেডমি নোট ১২ ও মটোরোলা মটো জি৭৩ ৫জিসহ বেশ কয়েকটি ফোন পাওয়া যায়।
ইউডি/এবি

