শুভজন পদক পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮
দেশের সার্বিক উন্নয়নে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা বা সমাজ বিনির্মাণের বিভিন্ন শাখায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকগণকে প্রতি বছর দেওয়া হয় ‘শুভজন পদক’। বিগত ৬ বছর যাবত এ পদকগুলো দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ২৬ নভেম্বর বাংলাদেশ শিল্পকলাতে আয়োজন করা হয়েছে শুভজন’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উত্সবে শুভজন পদক-২০১৯ তুলে দেয়া হবে বরেণ্য নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের হাতে। এছাড়া আরও সাত বিশিষ্ট নাগরিককে দেওয়া হচ্ছে এই পদক। শিল্প সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে সৈয়দ হাসান ইমামকে এ পদক প্রদানের পাশাপাশি ‘শুভজন’ উপাধিতেও ভূষিত করা হবে। ২৬ নভেম্বর শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে শুরু হবে এ উত্সবটি। অন্যদিকে এবারের ‘শুভজন গুণীজন সম্মাননা’ পাচ্ছেন লাকী ইনাম (মঞ্চ), তিমির নন্দী (সংগীত), মোহাম্মদ শামস উল ইসলাম (নন্দিত উদ্ভাবন, ব্যাংকার), শাহিদ উল মুনীর (তথ্যপ্রযুক্তি), সাদাত হোসাইন (সাহিত্য), এ জেড এম নাফিউল ইসলাম (জনসেবা) ও শহীদুল ইসলাম পাইলট (মফস্বল সাংবাদিকতা)। পদকপ্রাপ্ত ব্যক্তির জন্য পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকার প্রাইজ বন্ড, শুভজনের নিজস্ব নকশার একটি ক্রেস্ট ও সনদপত্র এ পুরস্কারের অন্তর্ভুক্ত থাকে। এপর্যন্ত শুভজন পদক পেয়েছেন কবি আসাদ চৌধুরী (২০১৪), কামাল লোহানী (২০১৫), কবি কাজী রোজী (২০১৬), ড আতিউর রহমান (২০১৭) ও শিল্পী মুস্তাফা মনোয়ার (২০১৮)।

