বাসায় আতঙ্ক সৃষ্টি করে ঝালকাঠিতে ছাত্রলীগ নেতা আটক
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ নভেম্বর ২০১৯ । আপডেট ১০:৩৬
বাসায় আতঙ্ক সৃষ্টি করায় ঝালকাঠিতে এক ছাত্রলীগ নেতাকে তার বাবার অভিযোগে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি আবু তাহের মিয়া জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের টিঅ্যান্ডটি সড়কের বাসা থেকে তাকে তারা আটক করেন।
আটক রফিকুর রহমান রাহাত সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি।
ওসি তাহের বলেন, “রাহাত ঘরে ভাংচুরসহ বাবা-মায়ের সঙ্গে আতঙ্কজনক কর্মকাণ্ড করছেন বলে তার বাবা আবদুস শুকুর মোল্লা থানায় মৌখিকভাবে অভিযোগ করেন।
“পুলিশ তাকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে থানায় আটকে রাখা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
রাহাতের বাবা আবদুস শুক্কুর মোল্লা সাংবাদিকদের বলেন, “অনেক দিন ধরেই রাহাত আমাদের অবাধ্য। তার আচরণ অসৌজন্যমূলক। সে বাসায় বিভিন্ন সময় ভাংচুর চালায়। আজও সে ভাংচুর করলে বাধ্য হয়ে বিষয়টি আমি পুলিশকে জানাই।”

