ভোলায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৫:৫৫
ভোলায় ফেসবুকে জমি-জমা সংক্রান্ত বিরোধের পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের নাম মমতাজ ওরফে রাশেদা বেগম (৫০)। তিনি ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারীর বাড়ির মো. জাহাঙ্গীরের স্ত্রী।
নিহতের স্বজনদের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে ফেসবুকে একটি পোস্ট করেন। ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় বজলু ব্যাপারীর সঙ্গে কাসেম, ইকবাল ও রাজুর বাক্বিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে মারামারি শুরু হয়।
এ সময় বজলুকে বাঁচাতে গেলে অভিযুক্ত কাসেম, ইকবাল ও রাজু মমতাজ ওরফে রাশেদা বেগমকে মারধর ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। পরে মারামারি থেমে গেলে সবাই চলে যান। মমতাজ ওরফে রাশেদা বেগমও নিজ ঘরে চলে যান। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে নিহতের স্বজনদের অভিযোগ, মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার হত্যার দাবি করায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/রেজা

