ইনিংস হারের সামনে পাকিস্তান
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৪
ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনের ক্যারিয়ার সেরা ইনিংস অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে বড় লিড। দ্বিতীয় ইনিংসে দ্রুত ৩ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় আছে পাকিস্তান। গতকাল শনিবার (২৩ নভেম্বর) তৃতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছে ৫৮০ রান। রানের পাহাড়ের নিচে চাপা পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৬৪ রান করেছে পাকিস্তান। ৭ উইকেটে ২৭৬ রানে পিছিয়ে থেকে ইনিংস হারের মুখে এখন পাকিস্তান। ব্রিসবেনে দ্বিতীয় দিন শেষে ওয়ার্নারের ১৫১ রানের কল্যাণে ১ উইকেটে ৩১২ রান করে অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে নিয়ে ৭২ রানে এগিয়ে ছিল অসিরা। ওয়ার্নারের সাথে লাবুশেন ৫৫ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শুরুতে ১৫৪ রানে থেমে যান ওয়ার্নার। পাকিস্তানের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার নাসিম শাহর বলে আউট হওয়ার আগে ২৯৬ বলে ১০টি চারে নিজের ইনিংসটি সাজান ওয়ার্নার। তবে তার সঙ্গী লাবুশেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন। টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ‘কনকাশন সাব’ লাবুশেন সেঞ্চুরির পরও নিজের ইনিংস বড় করেছেন। শেষ পর্যন্ত ১৮৫ রানে আউট হলে ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন লাবুশেন। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির বলে ব্যক্তিগত ১৮৫ রানে আউট হন তিনি। তার ২৭৯ বলের ইনিংসে ২০টি চার ছিলো। এছাড়া অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাথু ওয়েড ৬০ রান করেন। পাকিস্তানের পক্ষে স্পিনার ইয়াসির শাহ ২০৫ রানে ৪টি উইকেট নেন।

