৭০০তম ম্যাচ, মেসির নতুন রেকর্ড

৭০০তম ম্যাচ, মেসির নতুন রেকর্ড

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সেলোনার জার্সি গায়ে ৭০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। এমন মাইলফলক ম্যাচে দুর্দান্ত এক গোলে নতুন এক রেকর্ডও গড়েছেন তিনি। ডর্টমুন্ডের বিপক্ষে গোল করে ইউরোপ সেরার লড়াইয়ে এ নিয়ে ৩৪টি দলের বিপক্ষে গোলের কীর্তি গড়েছেন মেসি। এতদিন এই রেকর্ড রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তি রাউল গঞ্জালেস ও ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে ছিল। গত বুধবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে নিজের ৭০০তম ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।  ক্যাম্প ন্যুয়ে এই বিশেষ ম্যাচ রাঙাতে সম্ভাব্য সবই করেছেন তিনি। নিজে এক গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি। ম্যাচের ২৯তম মিনিটে মেসির বানিয়ে দেওয়া বলে ডর্টমুন্ডের গোলরক্ষক রোমান বুর্কিকে পরাস্ত করেন সুয়ারেস। ৪ মিনিট পর উরুগুইয়ান স্ট্রাইকারের বাড়ানো বলে চলতি আসরে নিজের দ্বিতীয় গোলের দেখা পান বার্সা অধিনায়ক। সেপ্টেম্বরে ডর্টমুন্ডের মাঠে গোলের দেখা পেতে ব্যর্থ হয়েছিলেন মেসি। বেঞ্চ থেকে বদলি হিসেবে নেমে দলের গোলশূন্য ড্র ঠেকাতে পারেননি তিনি। কিন্তু ক্যাম্প ন্যুয়ে ঠিকই ঝলক দেখিয়ে চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড গড়ে ফেললেন। চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ড হচ্ছে মেসির ৩৪তম শিকার। অর্থাত্ এই নিয়ে ৩৪টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন আর্জেন্টাইন তারকা। এর আগে তাকে সমান ৩৩টি করে প্রতিপক্ষের বিপক্ষে গোলের রেকর্ড রাউল ও রোনালদোর সঙ্গে ভাগ করতে হয়েছিল। মেসি ও সুয়ারেসের গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে শেষ ষোলোর রাস্তা পরিষ্কার করে রেখেছিল বার্সা। বিরতির পর ম্যাচের ৬৭ মিনিটে মেসির ডিফেন্স চেঁড়া পাসে চ্যাম্পিয়নস লিগে বার্সার জার্সিতে প্রথম গোলের দেখা পান আঁতোয়া গ্রিজম্যান। পরে ম্যাচের ৭৭ মিনিটে বরুশিয়ার একমাত্র গোলটি আসে সাঞ্চোর পা থেকে। ফলে ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখে কাতালান জায়ান্টরা। এই হারে ডর্টমুন্ড ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের তৃতীয় স্থানে নেমে গেছে। সমান পয়েন্টে তাদের ঠিক ওপরে ইন্টার মিলান। ৩-১ গোলে এদিন স্লাভিয়া প্রাগকে হারিয়ে নকআউটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইতালিয়ান ক্লাব। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এদিন ‘ই’ গ্রুপের ম্যাচে অ্যানফিল্ডে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল ও নাপোলি। এতে শেষ ষোলো নিশ্চিত করতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই দলকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading