হাফিজ-খোকন জামিনে মুক্ত ফখরুলসহ ৪ নেতার আগাম জামিন
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬
হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপির তিন নেতাকে জামিন দিয়েছে আদালত। এছাড়া আগাম জামিন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা। গ্রেপ্তারের পর জামিনপ্রাপ্তরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও জাতীয়তাবাদী হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাদেরকে পুলিশ গ্রেপ্তারের পর এদিন বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, এদিন, মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন ওই তিন নেতাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান ও নজরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জামিনের এ আদেশ দেন আদালত। অপরদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এদিন হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।
ঢাবি ছাত্রদল নেতা গ্রেফতার: এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রদল থেকে ভিপি প্রতিদ্বন্দ্বিতাকারী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) এস এম শামীম জানান, গত ২৬ নভেম্বর হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদনের শুনানি শুরু হয়। সেসময় হাইকোর্ট এলাকায় জমায়েত হয় বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকনকেও গ্রেফতার করে পুলিশ। তাদের পরে আদালতে হাজির করা হলে তাদের জামিন হয়। তবে ছাত্রদল নেতাকে আদালতে হাজির করা হয়নি এদিন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জসহ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। পুলিশের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করেছেন, এমন অভিযোগ এনে শাহবাগ থানার উপ-পরিদর্শক মতিউর রহমান মামলা দায়ের করেন।

