লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শুরু
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০
লেনদেন-সূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিন গতকাল রবিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৬৮ দশমিক ২৫ পয়েন্ট। গতকাল রবিবার ঢাকায় ৫২১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪৩০ কোটি ২০ লাখ টাকা। সিএসইতে ২৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত বৃহস্পতিবার এই বাজারে লেনদেনের অংক ছিল ২৫ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৫০টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৭ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৮ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫৩ কমে অবস্থান করছে এক হাজার ৭৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৪৪ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৬৮ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৬০ দশমিক ৬৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

