রাজধানীর ৬৪ স্থানে বাস স্টপেজ নির্মাণ হবে কাদের
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩২
রাজধানীতে ৬৪টি স্থানে বাস স্টপেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার (১ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ- ডিসিএ’র বোর্ড সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘ডেগু পরিস্থিতির কারণে ঢাকার সড়ক থেকে অবৈধ রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি এবং অবৈধ যানবাহন উচ্ছেদ করা সম্ভব হয়নি। এ কাজ রাতারাতি সম্ভব নয়। এজন্য আবারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজ সিটি করপোরেশন ও ডিসিএ’র সহযোগিতায় পুলিশ পালন করবে।’ মন্ত্রী বলেন, ‘আজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য কম্প্রিহেনসিভ ট্রান্সপোর্ট তৈরির সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, রিং রোড বাস্তবায়নের ক্ষেত্রে জলাধার সংরক্ষণ করতে হবে।’ কাদের বলেন, ‘বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ক্রমান্বয়ে ঢাকা মহানগরী থেকে আন্তঃবাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। এ জন্য স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।

