মুদি দোকান খুঁড়তেই মিললো ৫ বস্তা পয়সা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪৪
সিরাজগঞ্জের কাজীপুরে হরিনাথপুর সকাল বাজারে এক মুদির দোকান খুঁড়ে পাঁচ বস্তা পয়সা মিলেছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুত্ফর রহমান। মৃদুল নামের ওই মুদি দোকানির মাচার নিচের মাটি খুঁড়ে এ পাঁচ বস্তা পয়সা পাওয়া যায়। মৃদুলের বাড়ি উপজেলার হরিনাথপুর সাহা পাড়ায়। জানা যায়, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) দোকানের সামনের বসার মাচা ভেঙে গেলে নতুন করে মাচা তৈরির জন্য মাটি খুঁড়তে গেলেই পাওয়া যায় এই পয়সার খনি। একে একে এক, দুই ও পাঁচ টাকার পয়সা বের হতে থাকে। পরে ওই মুদি দোকানি পয়সাগুলো বস্তায় ভরে নিজ বাড়িতে নিয়ে যান। দোকানি মৃদুল বলেন, দীর্ঘদিন দোকানদারি করতে গিয়ে নিচে পয়সা পরে পরে এতোগুলো পয়সা জমে গেছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুত্ফর রহমান জানান, পাঁচ বস্তা পয়সা উদ্ধারের কথা শুনেছি। এ বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

