তারকাবহুল ট্রাফিক সিগন্যাল
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮
আজ (৭ ডিসেম্বর) থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ট্রাফিক সিগন্যাল’। এটি রচনা করেছেন রাজীব মণি দাস। পরিচালনা করেছেন ইকবাল মাহমুদ বাবলু। ট্রাফিক সিগন্যালের লাল-সবুজ-হলুদ বাতির মধ্যে লুকিয়ে আছে প্রত্যেকটি মানুষের জীবন। ব্যবসা করে অনেক টাকা উপার্জন করছেন, হঠাত্ ব্যবসায় ধস বা লাল বাতি জ্বলে উঠে। প্রেমিক-প্রেমিকারা সিদ্ধান্তহীনতায় ভোগে তাদের ভালোবাসার পরিণতি কী হলুদ বাতির মতো জ্বলে উঠবে। দীর্ঘদিন চাকরি না পাওয়া বেকার যুবকটি হঠাত্ একদিন চাকরি পেয়ে যায়, আর তার জীবনে সবুজ বাতি জ্বলে উঠে। সমাজে ছদ্মবেশে থাকা ভদ্র লোকটি অন্ধকার জগত্ থেকে আয় করে কোটি কোটি টাকা। টাকার নেশা বড়ই অদ্ভুত নেশা, সেখানে স্ত্রী-সন্তানের কোনো মূল্য নেই। সংসার জীবনে ভালোবাসার মানুষটি অন্যের হাত ধরে চলে যায় বহু দূরে। সময়ের প্রেক্ষাপটে সবচেয়ে কাছের মানুষও হয়ে উঠে অপরিচিত। টাকা যে মানুষের জীবনে সবকিছু না তা যখন বুঝতে পারে তখন আর কিছু করার থাকে না। মানুষের জীবনে কখন উত্থান-পতন ঘটবে তা কেউ আগবাড়িয়ে বলতে পারে না। বলা না বলা গল্পের মধ্য দিয়ে মানুষ সামনে এগিয়ে যায়। এতে একঝাঁক তারকাশিল্পী অভিনয় করেছেন। এ নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে আমিরুল হক চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, আ খ ম হাসান, কচি খন্দকার, ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, মাহামুদুল ইসলাম মিঠু, আশিক চৌধুরী, শাহেদ শরীফ খান, শিশির আহমেদ প্রমুখ। সপ্তাহে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৭ টায় নাটকটি প্রচারিত হবে।

