নীল দংশনে মোশাররফ করিম
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা জনপ্রিয় উপন্যাস ‘নীল দংশন’। এ উপন্যাস অবলম্বনে সম্প্রতি নাটক নির্মাণ করেছেন হাসান রেজাউল। যার নাম দিয়েছেন ‘নীল দংশন’। চিত্রনাট্য লিখেছেন মনি হায়দার। গত ২৭ ও ২৮ নভেম্বর রাজধানীর তিনশ ফিট এলাকায় নাটকটির শুটিং হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাকটির গল্পে দেখা যাবে, পাকিস্তানিরা একজন বাঙালীকে ধরে নিয়ে যায়, যার নাম কাজী নজরুল ইসলাম। ওরা ধরেই নেয় এই লোক কবি কাজী নজরুল ইসলাম। লোকটি অনেকবার বোঝানোর চেষ্টা করে সে কবি কাজী নজরুল ইসলাম নয়। কিন্তু ওরা সেটা বিশ্বাস করতে চায় না। পাকিস্তানের পক্ষে কবিতা লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে তাকে। কিন্তু সে নজরুলের মতো কবিতা লিখতে পারে না। বাঁচার জন্য কাজী নজরুল মিথ্যা বলছে ভেবে তার ওপর অত্যাচার করতে থাকে পাকিস্তানিরা। আর এই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এছাড়া আরও অভিনয় করেছেন জুঁই করিম, রওনক হাসান, হাসান ত্যাইয়াব ইমাম ও একঝাঁক থিয়েটার কর্মী। আসছে বিজয় দিবসে নাটকটি একটি বেসরকারি টেলিভিশন পর্দায় দেখা যাবে।

