আসছে বাপ্পির সিক্রেট এজেন্ট
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬
হালের আলোচিত চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ছিল নায়ক বাপ্পির জন্মদিন। এ উপলক্ষ্যে শুক্রবার (৬ ডিসেম্বর) আয়োজিত জন্মদিনের পার্টিতে তাকে নিয়ে নতুন ছবির ঘোষণা দেন পরিচালক সাফি উদ্দিন সাফি। ছবির নাম ‘সিক্রেট এজেন্ট’। ছবিটি পরিচালনা করবেন ‘মিসড কল’ খ্যাত এ নির্মাতা। এ ব্যাপারে বাপ্পি বলেন, ‘আগে থেকে আমি কিছুই জানতাম না। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে পরিচালক সাফি উদ্দিন সাফি ফোন দিয়েছিলেন আমাকে। বলেন, বনানীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে হবে। কী অনুষ্ঠান সেটা গোপন রাখেন। গিয়ে দেখি জন্মদিন উপলক্ষ্যে আমার নতুন ছবির সারপ্রাইজ মহরত।’ অর্থাত্ শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বনানীর একটি রেস্তোরাঁয় বাপ্পীর ‘সিক্রেট এজেন্ট’-এর মহরত অনুষ্ঠিত হয়। পরিচালক সাফি জানান, অ্যাকশন থ্রিলার গল্পে এই ছবিটি নির্মিত হবে। এখানে বাপ্পির বিপরীতে একজন নতুন নায়িকা থাকবেন। আগামী ২০ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হতে পারে বলেও তিনি জানান। এদিকে বাপ্পী শেষ করেছেন দীপংকর দীপনের নতুন ছবি ‘ঢাকা ২০৪০’ ছবির কাজ। এতে বাপ্পি বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নুসরাত ইমরোজ তিশা। কেমন হবে ভবিষ্যতের ঢাকা? এই প্রশ্নের উত্তর নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।

