জিতেই চলছে লিভারপুল
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেই চলছে লিভারপুল। এবার বোর্নমাউথের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল। প্রতিপক্ষের মাঠে শনিবার (৭ ডিসেম্বর) ৩-০ গোলে জিতেছে লিভারপুল। টানা সপ্তম জয়ে শিরোপার পথে ১১ পয়েন্টে এগিয়ে গেল গতবারের রানার্সআপরা। লিগে আগের চার ম্যাচে হারের স্বাদ পাওয়া বোর্নমাউথের বিপক্ষে মৌসুমে একমাত্র অপরাজিত দলটির জয় ছিল প্রত্যাশিত। পুরো ম্যাচে প্রতিপক্ষের পোস্টে কোনো শটই রাখতে পারেনি স্বাগতিকরা। শুরু থেকে গোছালো ফুটবল খেলা লিভারপুল এগিয়ে যায় ম্যাচের ৩৫তম মিনিটে। নিজেদের অর্ধ থেকে লম্বা উঁচু পাস দেন হেন্ডারসন। অনেকটা ছুটে গিয়ে দারুণ এক টোকায় দলকে এগিয়ে নেন অক্সলেইড-চেম্বারলেইন। বল গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়। ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইতা। সালাহর ব্যাকহিলে বাড়ানো বল নিয়ন্ত্রণ নিয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন গিনির মিডফিল্ডার কেইতা। বিরতির ঠিক আগে ব্যবধান আরো বাড়ানোর সুযোগ পেয়েছিলেন সালাহ। কিন্তু কাছ থেকে উড়িয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন মিশরের এই ফরোয়ার্ড। ৫৪তম মিনিটে আর ভুল করেননি সালাহ। বাম প্রান্ত দিয়ে ক্ষিপ্রগতিতে ডি-বক্সে ঢুকে পড়া সালাহকে খুঁজে নেয় কেইতার রক্ষণচেরা পাস। বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন ২৭ বছর বয়সী। বাকি সময়ে অনেকগুলো সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি সফরকারী দলটি।

